আবার কফিতে চুমুক! আজ থেকেই খুলছে কফি হাউস

সরকারি বিধিনিষেধ মেনে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে

১৬ মে থেকে সবকিছুর মতোই বন্ধ ছিল কলেজস্ট্রিটের ঐতিহ্যবাহী কফি হাউস। প্রায় পঁচিশ দিন পর আজ বুধবার থেকে আবার খুলে গেল কফি হাউসের সদর দরজা। সরকারি বিধিনিষেধ মেনে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত, মাত্র তিন ঘণ্টা খোলা থাকবে। এছাড়াও থাকবে একাধিক বিধিনিষেধ। 

গত বছর লকডাউনের পর নিউ নর্ম্যাল হয়েছিল কফি হাউসের পরিবেশ। শারীরিক দূরত্ববিধি মেনে চলার জন্য কমিয়ে দেওয়া হয়েছিল টেবিলের সংখ্যা। কমে গিয়েছিল মেনু। এই মুহুর্তে সেখানে প্রায় ষাট জনেরও বেশি কর্মী কাজ করেন। দীর্ঘদিন বন্ধ থাকায় কার্যত দিশেহারা তাঁরা। তাঁদের আর্থিক সমস্যার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান কফি হাউস ওয়ার্কার্স কো-অপরেটিভ লিমিটেড। কফি হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে কফি হাউস খোলা হবে মাত্র তিন ঘণ্টার জন্য। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গত লকডাউনের পর সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা রাখা হয়েছিল কফি হাউস। বন্ধ ছিল ব্যালকনি। ব্যবহার করা হচ্ছিল কাগজের কাপ-প্লেট। তবে কফি হাউস প্রেমীরা আবেগে গা না ভাসিয়ে এবং নিছক আড্ডা দেওয়ার জন্য কফি হাউসে না গিয়ে নির্দিষ্ট দূরত্ববিধি মেনে চলাই শ্রেয়। অন্যথা হলে কড়া ব্যবস্থা নেবে কফি হাউস কর্তৃপক্ষ।

 

Developed by DXDasia