১৯০২ সালে এশিয়ার মধ্যে প্রথম বৈদ্যুতিন ট্রাম চলেছিল কলকাতাতেই
দেশের মধ্যে সর্বপ্রথম গণপরিবহণে ইলেকট্রিক বাস চলেছিল কলকাতার পথে। এমনকি, ১৯০২ সালে এশিয়ার মধ্যে প্রথম কলকাতায় বৈদ্যুতিন ট্রাম চলেছিল। আরও একবার সেরকমই নজির স্থাপন করতে পরিবহণ ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপের পথে পশ্চিমবঙ্গ। নয়া ‘বৈদ্যুতিন গাড়ি নীতি ২০২১’ প্রণয়ন করার উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ২০৩০-এর মধ্যে রাজ্যের সবরকম গণপরিবহণ ব্যবস্থাকে বৈদ্যুতিন করতেই আনা হচ্ছে এই নির্দিষ্ট নীতি।
প্রসঙ্গত, কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে প্যারিস চুক্তিতে (সিওপি বা কপ- ২১) স্বাক্ষর করেছিল ভারত। তাতেই বলা আছে, ২০৩০-এর মধ্যে কার্বন নিঃসরণ ২০০৫ সালের নিরিখে ৩৩-৩৫% কমাতে হবে। সেই লক্ষ্যে পরিবহণ ক্ষেত্রে সর্বাধিক রদবদল প্রয়োজন। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সমস্ত পরিবহণ মাধ্যমকে বৈদ্যুতিন করতে হবে। সেই লক্ষ্যেই দেশের মধ্যে মডেল রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গকে প্রতিষ্ঠিত করতে নেওয়া হচ্ছে এই উদ্যোগ।
সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই গাড়িকে বৈদ্যুতিনে রূপান্তর করতে সরকার সাহায্যও করবে। একইভাবে আগামীদিনে রাস্তায় রাস্তায় যাতে এই ধরনের গাড়ি চার্জ করার ব্যবস্থা থাকে, তার পরিকাঠামোও গড়ে তোলা হবে। গড়ে তোলা হবে পরিবেশ-বান্ধব রাস্তা। সূত্রের খবর, কলকাতা, আসানসোল, দার্জিলিং এবং হাওড়ায় প্রথমে এই পরিবর্তনের কাজ করা হবে। ২০২২ সাল থেকে ধাপে ধাপে গোটা রাজ্যে শুরু হবে এই কাজ।