রাজ্যে ২টি নতুন ক্যানসার হাসপাতাল হবে, ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মানুষকে আর ক্যানসার-চিকিৎসা করাতে রাজ্যের বাইরে যেতে হবে না, বলেন মুখ্যমন্ত্রী

মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে দু’টি ক্যান্সার হাসপাতাল হবে। বুধবার পড়ুয়াদের জন্য ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনায় বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ক্যানসার হাসপাতালের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজারহাটের টাটা ক্যান্সার হাসপাতালটি চালায় সংশ্লিষ্ট ট্রাস্ট। সেখানে চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে মেলে না। রাজ্যে হাসপাতাল হলে আর বাইরে যেতে হবে না বাংলার মানুষকে। এখানেই ক্যানসারের সব চিকিৎসা হবে, এমনটাই জানিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘বাংলার ক্যানসার রোগীদের ২৫ শতাংশই মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা করাতে যান। কিন্তু ওখানে থাকা, খাওয়া, যোগাযোগে ভীষণ অসুবিধেয় পড়তে হয়। ডাক্তার দেখানোর তারিখ পাওয়ার ক্ষেত্রেও ভীষণ অসুবিধে হয়। সেই নিয়ে চিন্তাভাবনার পর আমরা টাটা মেমোরিয়ালের সঙ্গে যোগাযোগ করেছিলাম। মু্ম্বইতে যে রকম রয়েছে, টাটা মেমোরিয়াল এবং বাংলার সরকার মিলে রাজ্যে সে রকম দু’টি ক্যানসার হাসপাতাল গড়বে। একটি এসএসকেএম হাসপাতালে, অন্যটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।’’

 

Developed by DXDasia