পড়ুয়াদের স্বপ্ন বাস্তবায়িত করতে আজ থেকেই চালু হল ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’

পড়ুয়ারা আমাদের গর্ব, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ থেকেই সূচনা করা হল পশ্চিমবঙ্গ সরকারের ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্পের। স্বপ্ন বাস্তবায়িত করার পথে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্যই চালু করা হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। দশম শ্রেণি থেকেই মিলবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পড়ুয়ারা আমাদের গর্ব, আজ থেকেই চালু করে দেওয়া হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। দশম শ্রেণি থেকে স্নাতকোত্তর অবধি মিলবে এই শিক্ষাঋণের সুবিধা। ১০ লক্ষ টাকা অবধি দেওয়া হবে শিক্ষাঋণ। ৪০ বছর বয়স অবধি মিলবে এই শিক্ষাঋণ। আর এই ঋণ নিতে কোনও গ্যারেন্টার লাগবে না। রাজ্য সরকার নিজে এই শিক্ষাঋণের গ্যারেন্টার। কোর্স ফি, টিউশনের খরচ, ল্যাপটপ কেনার টাকা, কম্পিউটার কিনতে কাজে লাগবে এই ঋণ। প্রতিযোগিতামূলক পরীক্ষার কাজে লাগবে এই শিক্ষাঋণ।এর পাশাপাশি মমতা ব্যানার্জি আরও বলেন, শিক্ষাঋণ নিয়ে জালিয়াতি রুখতে সতর্ক থাকতে হবে। সরকারি লোগো লাগিয়ে প্রতারকরা জালিয়াতি করতে চাইবে। তাই প্রশাসন থেকে শুরু করে পড়ুয়াদের সবাইকে সতর্ক থাকতে হবে। ইতিমধ্যেই সবুজ সাথী প্রকল্পে ১ কোটি সাইকেল দিয়েছি পড়ুয়াদের। আগামী নভেম্বরের মধ্যে ১২ লক্ষ সাইকেল দেওয়া হবে ২০২০ এবং ২০২১ এর নবম শ্রেণির পড়ুয়াদের মধ্যে। দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের রাজ্য সরকার ১০ হাজার টাকা করে দিচ্ছে ট্যাব কেনার জন্য। প্রায় ৮ লক্ষ ৯৪ হাজার পড়ুয়াকে এই ট্যাব কেনার টাকা দেওয়া হচ্ছে। আজ হুল দিবসে সিধু, কানহু দের প্রতি আমি শ্রদ্ধা জানাই। সিধু, কানহুর নামে রাজ্য একটি বিশ্ববিদ্যালয়ও তৈরি করেছে। সাফল্যের সঙ্গে চলছে। 

Developed by DXDasia