ঘটনার ধিক্কার জানিয়ে সরব হয়েছেন শহরের মুক্তমনস্ক নাগরিকরা
বেশ কিছুদিন আগে থেকেই সারা শহরের আশেপাশে চলতে ফিরতে নজর কাড়ছিল ‘নো ভোট টু বিজেপি’ বা ‘বিজেপিকে একটিও ভোট নয়’ লেখা পোস্টার। কলেজস্ট্রিটের কফি হাউসেও সেই পোস্টার পড়েছিল। আর সেই পোস্টারের জেরেই সোমবার সন্ধ্যেয় গেরুয়াধারী বিজেপিবাহিনী তাণ্ডব চালালো শহরের ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক আড্ডার ঠেকে।
বিজেপির তরফে দাবি করা হয়েছে, ওই যুবকরা আসলে পোস্টার লাগানোর জন্য সেখানে গিয়েছিলেন। কিন্তু, মোদিপাড়া কর্মসূচির আহ্বায়ক গেরুয়া গেঞ্জিধারী কয়েক জনকে কফি হাউস থেকে বেরোনোর সময়ে পোস্টার ছিঁড়তে দেখা যায়। ‘নো ভোট টু বিজেপি’ লেখার ‘নো’ অংশটুকু কালি দিয়ে মুছে দিচ্ছিলেন তাঁরা। ঠিক সেই সময়েই কয়েক জন বামকর্মী তরুণী রুখে দাঁড়ান। তাঁদের বক্তব্য অনুযায়ী, ওঁরা শান্তিপূর্ণভাবে নিজেদের পোস্টার দেওয়ালে সাঁটাতে পারতেন, ওঁদের তো কেউ বাধা দেয়নি।কিন্তু, তা না করে ওঁরা ইচ্ছাকৃত তাণ্ডব চালালেন। অন্যের পোস্টারে হাত কেন?
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কফি হাউসের সেই ঘটনার ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বিজেপি কর্মী-সমর্থকদের গেরুয়া টি-শার্টে মোদির ছবি। এবং তাঁরা ‘জয় জয় ভারতমাতা’, ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে সিঁড়ি দিয়ে নেমে আসছেন। পালটা বিজেপি-বিরোধী স্লোগানও শোনা যায়। সবমিলিয়ে বেশ খানিকক্ষণের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়। জানা যাচ্ছে, আজ, মঙ্গলবার বিজেপি-বিরোধী মঞ্চটির তরফে ফের কফি হাউস তল্লাট মুড়ে দেওয়ার কথা বলে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে।
এই ঘটনার ধিক্কার জানিয়ে সরব হয়েছেন শহরের মুক্তমনস্ক নাগরিকরা। তাঁদের মতে, কফি হাউসের মতো জায়গায় এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখের তদুপরি আশঙ্কাজনক। ‘গণতন্ত্র’, ‘বাকস্বাধীনতা’ এগুলো কি এখন শুধুই পুঁথিপড়া শব্দ?