
বরাদ্দ এক কোটি টাকারও বেশি
এবার স্বাস্থ্য দপ্তর থেকে বোন ম্যারো প্রতিস্থাপন খাতে এক কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজের ইন্সিটিউট অফ হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিনকে। দু’বছরে ২৪টি সফল বোন ম্যারো প্রতিস্থাপন করে নজির গড়ার ফলেই মিলেছে এই বরাদ্দ।
ব্লাড ক্যান্সার নিরাময়ের জন্য অনেক সময়েই বোন ম্যারো প্রতিস্থাপনের দরকার হয়। কলকাতায় বহু মানুষই এই ব্যাপারে ভরসা করেন কলকাতা মেডিক্যাল এবং এনআরএস-এর ওপর। তার মধ্যে একমাত্র কলকাতা মেডিক্যালেই অটোলোগাস এবং অ্যালোজেনিক – দু’ধরনেরই বোন ম্যারো প্রতিস্থাপন হয়ে থাকে। সরকারি পরিকাঠামোতেই বোন ম্যারো প্রতিস্থাপন হলেও একেকটি প্রতিস্থাপনে কম করে ১০-১২ লক্ষ টাকার ওষুধ লাগে। তাই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের কাছে বোন ম্যারো প্রতিস্থাপনের জন্য আলাদা বরাদ্দ চায় মেডিক্যাল কলেজ। আপাতত, ফেব্রুয়ারি মাসে প্রতিস্থাপন খাতে এক কোটি টাকার বেশি বরাদ্দ মিলেছে। মার্চের মধ্যে এই টাকা খরচ করতে হবে।
এখন কলকাতা মেডিক্যাল কলেজে প্রতি মাসে দু’টি করে বোন ম্যারো প্রতিস্থাপন হয়ে থাকে। সেটাকে মাসে দু’টিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কলকাতা মেডিক্যালের এই পদক্ষেপের পর এখন এসএসকেএমের মতো হাসপাতালও প্রতিস্থাপনের জন্য পৃথক বরাদ্দ চাওয়ার কথা ভাবছে।
