তৃণমূল-ত্যাগী রবীন্দ্রনাথকে বদলের দাবি উঠছিল দলের অন্দর থেকে
চলছে লাগাতার বিক্ষোভ। অথচ প্রার্থী নিয়ে কোথাও কোনও অসন্তোষ নেই বলে বৃহস্পতিবারই আরামবাগে এসে দাবি করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু সেই দাবিতে জল ঢেলে, এবার শুধু বিক্ষোভ নয়, বৃহস্পতিবার সন্ধে থেকেই সিঙ্গুরের দলীয় প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বদলের দাবিতে আমরণ অনশন শুরু করলেন স্থানীয় বিজেপি নেতাকর্মীদের একটা বড় অংশ।
বিজেপি প্রাথী-তালিকা ঘোষণা করা ইস্তক গত রবিবার থেকে সিঙ্গুর থেকে তৃণমূল-ত্যাগী রবীন্দ্রনাথকে বদলের দাবি উঠছিল দলের অন্দর থেকে। কিন্তু এখনও প্রার্থী বদল না-হওয়ায় বৃহস্পতিবার থেকে সিঙ্গুর স্টেশন লাগোয়া বুড়োশান্তি মাঠে মঞ্চ বেঁধে আমরণ অনশন শুরু করলেন বিজেপির মোট আটজন স্থানীয় সংগঠনের পদাধিকারী। তাঁদের দাবি, তাঁদের সঙ্গে সিঙ্গুরে ২৭৭টি বুথের সভাপতি, সিঙ্গুরে দলের জেলা কমিটির তিন সহ-সভাপতি এবং রাজ্য কমিটির স্থানীয় তিন সদস্য-সহ প্রত্যেক পদাধিকারী রয়েছেন।
অনশনকারী বিজেপি নেতাকর্মীদের মতে, যাঁর দলের লোকজন এতদিন তাঁদের উপর অত্যাচার করল, তিনি বিজেপিতে যোগ দিতেই প্রার্থী করে দেওয়া হল। দলীয় সংগঠনের যাঁকে খুশি দল প্রার্থী করুক, শুধু রবীন্দ্রনাথবাবুকে নয়।