তোষণ নয়, প্রশ্ন করো – ‘নিজেদের মতে, নিজেদের গান’ বাঁধলেন শিল্পীরা

পথ থেকে পথে, বুক থেকে বুকে এই সুর ভাবনা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর তাঁরা

'তাসের দেশ' হেঁকে বলছে
'চলো নিয়ম মতে'
দূরে তাকিয়ো নাকো
ঘাড় বাঁকিয়ো নাকো
চলো সমান পথে
চলো নিয়ম মতে

কাদের তৈরী নিয়ম? কারা বলছে না তাকাতে…
ঘাড় বাঁকাতে নিষেধ করছে কারা?

তুমি পুরাণকে বলো ইতিহাস

ইতিহাসকে বলো পুরানো

তোমার কাজ শিক্ষাকে লাঠিপেটা করে

মূর্খের জ্বালা জুড়ানো

তোমার ভক্তিতে দাগ রক্তের

তুমি কাউকেই ভালোবাসো না

…আমি অন্য কোথাও নয়

এই দেশেতেই থাকবো।

কোনও দলেই নেই যাঁরা, এই গান তাঁদের। এভাবেই ‘নিজেদের মতে, নিজেদের গান’ বেঁধেছেন বাংলার শিল্পীরা। নাগরিকত্ব সংশোধনী আইন-জাতীয় নাগরিকপঞ্জি থেকে উত্তরপ্রদেশের ধর্ষণ, নারী নির্যাতনের খতিয়ান, গানের প্রত্যেকটি লাইনে রয়েছে ফ্যাসিবাদের বিরোধীতা। কটাক্ষ করা হয়েছে সাম্প্রদায়িকতার রাজনীতিকে।

আমাদের দেশ ভারতবর্ষ বৈচিত্র্য ও ভালোবাসার দেশ। মিলে মিশে থাকার দেশ। সেখানে মিথ্যা ও ঘৃণার চাষ বাড়লে কথা বলতে হবে বৈকি। আমাদের বাংলা সৌহার্দ্যের, শান্তি ও বহুত্ববাদের বাংলা। এখানে কেউ মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে এলে তার বিরুদ্ধে বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে রুখে দাঁড়াতেই হবে। আমরা ঘৃণার চোখে চোখ রেখে বলব, ‘এ দেশ তোমার নয়।এ দেশ ভালবাসার।এ দেশ ভারতবর্ষ।’

-এই ইস্তেহারের মাধ্যমেই শুরু হয়েছে এই গান। ২০১৯ সালে রামলীলা ময়দান থেকে শুরু হওয়া এক মিছিলে হাঁটার পরে অনির্বাণ ভট্টাচার্যের কলমে উঠে এসেছিল এই গান। সঙ্গে ছিলেন ঋদ্ধি সেন এবং ঋতব্রত মুখোপাধ্যায়। এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছেন কৌশিক সেন, রেশমী সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনুপম রায়, রূপঙ্কর বাগচী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দন সেন, রাহুল চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, সুমন মুখোপাধ্যায়ের মতো একাধিক তারকা।

মূলত ঋদ্ধি, সুরঙ্গনা এবং ঋতব্রতর উদ্যোগে সময় বার করে একসঙ্গে এসেছেন সকলে। পরিকল্পনা ও প্রতিস্থাপনের দায়িত্ব অনেকটাই সামলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। করোনা অতিমারির ভয় কাটিয়ে এই প্রচেষ্টাকে সফল করতে এগিয়ে এসেছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অরুণ মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীর মতো প্রবীণ অভিনেতাও। দেশের বেকারত্ব, নাগরিকত্ব সংশোধনী আইন-জাতীয় নাগরিকপঞ্জি, নারী নিরাপত্তা, ধর্মের রাজনীতির মতো একাধিক সমস্যা তুলে ধরতে নবীনদের সঙ্গে গলা মিলিয়েছেন তাঁরা। প্রশ্ন তুলেছেন আরও বহু সঙ্কট নিয়ে। পথ থেকে পথে, বুক থেকে বুকে এই সুর ভাবনা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর তাঁরা। নির্বাচনের আগে বাংলার মানুষের মনে প্রশ্ন জাগাতেই তৈরি করা হয়েছে এই ভিডিও।

শুনে নিন ‘নিজেদের মতে, নিজেদের গান’-

 

 

 

Developed by DXDasia