আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নিয়ম কার্যকর করতে হবে
বাংলার রাজধানী শহরের অফিস, দোকান, বিজ্ঞাপন, হাইরাইজে কেন বাংলা ভাষা ব্যবহার করা হবে না, সে প্রশ্ন দীর্ঘদিনের। তা নিয়ে নানা সময় উঠেছে প্রশ্ন, তৈরি হয়েছে আন্দোলন। এবার কলকাতার প্রতিটি দোকান থেকে অফিস, কমার্শিয়াল বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলাই হবে প্রধান ভাষা, নির্দেশিকায় এমনটাই জারি করেছেন কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন। নির্দেশিকায় বলা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের (২০২৫) মধ্যে এই নিয়ম কার্যকর করতে হবে। আরও বলা হয়েছে যে, সাইনবোর্ডের একেবারে উপরে বাংলায় সংস্থা, প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। নিচে বা পাশে প্রয়োজন অনুযায়ী অন্য ভাষা ব্যবহার করা যেতে পারে, কিন্তু বাংলার স্থান হবে সবার প্রথমেই। (কলকাতায় বাংলা সাইনবোর্ড বাধ্যতামূলক)
নির্দেশিকায় বলা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নিয়ম কার্যকর করতে হবে। সাইনবোর্ডের একেবারে উপরে বাংলায় সংস্থা, প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। নিচে বা পাশে প্রয়োজন অনুযায়ী অন্য ভাষা ব্যবহার করা যেতে পারে।
এর আগেও সরকারি দপ্তরের সাইনবোর্ড ও বিজ্ঞপ্তিতে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। কলকাতা পুরসভার অধিবেশনেও অলিখিত ভাবে জানানো হয়েছিল। এবার প্রশাসন সার্কুলার জারি করল। পুরসভা থেকে প্রকাশিত যেকোনও ধরনের নথিতে বাংলা ভাষার ব্যবহার বেশি করে করার কথা ভাবা হচ্ছে। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় পুর অধিবেশনের যাবতীয় কাজকর্ম বাংলা ভাষাতেই করার পক্ষে জোর দিয়েছেন বলে জানা যাচ্ছে। (কলকাতায় বাংলা সাইনবোর্ড বাধ্যতামূলক)
আরও পড়ুন: বাংলা ভাষা, প্রবাস ও পরিস্থিতি
ব্যবসায়ীদের ও প্রতিষ্ঠানগুলিকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে, যাতে প্রত্যেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নিয়ম সম্ভব করেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না-করলে প্রয়োজনে পদক্ষেপও করা হবে বলে জানানো হয়েছে। যদি এই নিয়ম দ্রুত কার্যকর হয়, তাহলে খুব তাড়াতাড়ি কলকাতার রাস্তাঘাট, বাজার, অফিস, শপিং কমপ্লেক্সগুলির সাইনবোর্ডে বাংলা ভাষার উপস্থিতি আরও জোরালোভাবে ধরা পড়বে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে নানা মহল। এর ফলে বাংলা ভাষার আন্দোলন আরও জোরালো হবে বলেই মনে করা হচ্ছে।