বাংলা ভাষার অভিনব মর্যাদা আমেরিকার সরকারি স্কুলে

মার্কিন মুলুকে ক্রমেই বাড়ছে বাঙালি স্কুলপড়ুয়ার সংখ্যা

মার্কিন মুলুকে নিউইয়র্ক শহরে সরকারি স্কুলগুলোতে চতুর্থ প্রধান ভাষা হিসেবে জায়গা করে নিয়েছে বাংলা। আমেরিকার মতো দেশে সারা পৃথিবীর নানা অঞ্চল থেকে মানুষরা গিয়ে জড়ো হন। সেইসব মানুষের মাতৃভাষার বৈচিত্র্য সমৃদ্ধ করে আমেরিকার সংস্কৃতিকে। ইংরেজি তো আছেই, পাশাপাশি মান্দারিন চিনা, স্প্যানিশ, ফরাসি, আরবি, হিন্দি, জার্মান, কোরিয়ান, তেলুগু, তামিল, উর্দু, মালয়, রুশ – কত রকমের মাতৃভাষা দেখা যায় সেই দেশের বাসিন্দাদের মধ্যে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে জনবহুল শহর নিউইয়র্কের সরকারি স্কুলে এই ধরনের বিরল স্বীকৃতি পাওয়া অবশ্যই খুবই গৌরবের। 

গত দুই দশকে নিউইয়র্ক শহরে বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মতো রাজ্যগুলি থেকেও অনেক বাংলাভাষী মানুষ গিয়ে বসবাস শুরু করেছেন নিউইয়র্কে। যার ফলে সেখানে বাঙালি পড়ুয়াদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে অনেক। ওই শহরের স্কুলগুলিতে এখন বাঙালি ছাত্রছাত্রীদের সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়ে গেছে। এদের মধ্যে অনেকেই পড়াশোনায় তাদের পারদর্শিতা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে। যেমন, কুইন্সের একটি মাধ্যমিক স্কুলে ২০১৪ সালে সেরা চার পড়ুয়ারাই ছিল বাঙালি। 

নিউইয়র্কের বিভিন্ন স্কুলে রয়েছে দ্বিভাষিক কর্মসূচি – যার সাহায্যে কোনো পড়ুয়া ইংরেজি ও তার নিজের মাতৃভাষা – এই দুই মাধ্যমেই একসঙ্গে পড়াশোনার সুযোগ পায়। বেশ কিছু বাঙালি অভিভাবক দ্বিভাষিক পদ্ধতিতে ছেলেমেয়েকে শিক্ষা দিতে পছন্দ করেন না। তাঁরা মনে করেন, এই শিক্ষাব্যবস্থায় তাঁদের সন্তানরা অন্যদের থেকে পিছিয়ে পড়বে। তাই একমাত্র ইংরেজিতে পড়াশোনার দিকেই তাঁরা জোর দেন। আবার যে সব ছাত্রছাত্রীরা অল্প বয়সে ইংরেজিতে খুব একটা সাবলীল থাকে না, তারা দ্বিভাষিক শিক্ষাব্যবস্থায় খুব সহজেই ইংরেজি এবং অন্যান্য বিষয়ে কৃতিত্বের ছাপ রেখেছে, এরকম নজিরও যথেষ্ট রয়েছে।

ইংরেজি ভাষার পর নিউইয়র্কের স্কুলগুলিতে সবথেকে বেশি ব্যবহৃত হয় স্প্যানিশ এবং চিনা ভাষা। তার পরেই বাংলা ভাষার স্থান। ব্রুকলিন, কুইন্স এবং ব্রংক্সের যে সব জায়গায় বাঙালির সংখ্যা বেশি, সেখানে তিনটি স্কুলে দ্বিভাষিক শিক্ষায় বাংলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে বাংলা জানা শিক্ষকের অভাব এই দ্বিভাষিক কর্মসুচির প্রসার ঘটানোর এক প্রধান বাধা। সার্টিফায়েড বাংলা দ্বিভাষী শিক্ষকের নিয়োগ বাড়াতে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে নিউইয়র্কের শিক্ষা বিভাগ। শহরের স্কুলগুলিতে নিউইয়র্ক টিচিং ফেলোস কর্মসূচির মাধ্যমে বাংলা জানা শিক্ষকের ঘাটতি মেটানোর বন্দোবস্ত করা হচ্ছে।

তথ্যসূত্র – প্রথম আলো, দ্য ঢাকা টাইমস। 

Developed by DXDasia