ডুবন্ত জাহাজ উদ্ধারে বাংলায় আসছেন ‘হেভিওয়েট’ কংগ্রেস নেতারা

কংগ্রেসের তরফে বাংলায় তারকা প্রচারকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে

আবছা হয়েছে, কিন্তু এখনও বাংলা থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়নি জাতীয় কংগ্রেস দলের অস্তিত্ব। প্রাক নির্বাচনী মুহূর্তে বোধহয় সে কথাই মনে করিয়ে দিতে শুক্রবার কংগ্রেসের তরফে তারকা প্রচারকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারে আসছেন কংগ্রেসের ‘হেভিওয়েট’ নেতারা।

তালিকায় রয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-সহ ৩০ জন কংগ্রেস নেতা। সনিয়া, মনমোহন ছাড়াও নাম রয়েছে রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধির। তালিকায় রয়েছেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীও। তিন রাজ্যের বর্তমান ও এক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীরও নাম রয়েছে তালিকায়।

তাঁরা হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। এই তারকা প্রচারকদের তালিকায় রাজ্যের বেশ কিছু কংগ্রেস নেতারও নাম রয়েছে। বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী ছাড়াও রয়েছেন আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সি, প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় প্রমুখ। এ ছাড়া রাজস্থানের উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট, পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী নবজ্যোত সিংহ সিধু, ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন, দলের অন্যতম মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা প্রমুখ রয়েছেন প্রচারের তালিকায়।
 

 

Developed by DXDasia