আমার ঝাড়গ্রাম, আমার ভোট — জেলা নির্বাচন আধিকারিক, ঝাড়গ্রাম
এ এক অভিনব উদ্যোগ। বিধানসভা নির্বাচনের বাদ্যি বেজে গেছে। প্রথম দফার ভোট হতে বাকি আর মাত্র নয় দিন। তার আগেই ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে চলল অভিনব ভোট প্রচার। সাধারণ মানুষদের ভোটের সচেতনতা শক্তিশালী করার জন্য ঝাড়গ্রাম শহরে নির্মিত হয়েছে নির্বাচনী উদ্যান।
ভোটাররা এই বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট দেবেন, করোনাবিধি মাথায় রেখে কীভাবে লাইনে দাঁড়াবেন, ভোট দেওয়ার সময় কোন কোন ইস্যুগুলো মাথায় রাখা উচিত — সবটাই খেলাচ্ছলে তুলে ধরা হয়েছে এই উদ্যানে।

ঝাড়গ্রাম মানে শুধুমাত্র শহর নয়৷ শহরটাকে ঘিরে রেখেছে শত-শত আদিবাসী গ্রাম। গত কয়েকদিন নির্বাচনী উদ্যানে গ্রামবাসীদের কথা মাথায় রেখে আয়োজিত হয় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সভা। এখানেই পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ইলেকশন পার্কের ট্যাগলাইন দেওয়া হয়েছে, আমার ঝাড়গ্রাম, আমার ভোট।
উদ্যানের প্রধান আয়োজক, জেলা নির্বাচন আধিকারিক, ঝাড়গ্রাম। এমন অভিনব প্রচারে কার্যত খুশি ঝাড়গ্রামবাসী।