
বাংলাদেশ এবং দেশের বাইরে বহু বছর ধরে, বিশেষ কাজী নজরুল ইসলাম বাকরুদ্ধ হয়ে যাওয়ার পর থেকে, নজরুলের সুর ও বাণীর ওপর নানা ধরনের যথেচ্ছাচার চলে আসছিল। উপযুক্ত অভিভাবকের অভাবে কবি-রচিত বিশাল সংগীত ভাণ্ডারে বিপুল পরিমান বিভ্রান্তি ও বিকৃতির অনুপ্রবেশ ঘটছিল। এই সময় যে যার খুশি মত নজরুলের গানগুলো বিকৃতভাবে উপস্থাপন করে আসছিলেন। নজরুলের গানের এহেন দুঃসময়ে ২০১১ সালে শ্রদ্ধেয় শ্রী সুধীন দাস এবং ড. রফিকুল ইসলামের অনুপ্রেরণায় বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা (বি এন এস এস) সংগঠনটি গঠিত হয়।

কল্পনা আনাম-এর তত্ত্বাবধানে নজরুলসংগীত প্রশিক্ষণ
নজরুলের নানা সৃষ্টিকর্ম আদিরূপে প্রচার প্রসার সহ তাঁর অসাম্প্রদায়িক চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে বি এন এস এস তাদের কাজ শুরু করে। শুরুর দিকে নানা ধরনের প্রতিকুলতার সম্মুখীন হতে হয়েছে আমাদের।
শ্রদ্ধেয় খালিদ হোসেনের সভাপতিত্বে খায়রুল আনাম শাকিল সাধারন সম্পাদক হিসেবে কবির নাতনি খিলখিল কাজী সহ বেশ কিছু গুনীজন কে সঙ্গে নিয়ে এই সংগঠনটির হাল ধরেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই নজরুলের নানা সৃষ্টিকর্ম আদিরূপে প্রচার প্রসার সহ তাঁর অসাম্প্রদায়িক চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে বি এন এস এস তাদের কাজ শুরু করে। এই কাজ করতে গিয়ে শুরুর দিকে নানা ধরনের প্রতিকুলতার সম্মুখীন হতে হয়েছে আমাদের। তবে সব বাধা অতিক্রম করে শুদ্ধ সুর ও বাণীতে নজরুলের গান প্রচার, প্রসারের কাজে বিগত বছরগুলোতে বি এন এস এস নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে।
ইতোমধ্যে দেশের ৫৪টি জেলায় এবং দেশের বাইরেও শুদ্ধ সুর ও বাণীতে নজরুলসংগীতের এক বা একাধিকবার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কোভিড কালীন সময়েও অনলাইনে ৮টি বিভাগীয় পর্যায়ে ৬৪টি জেলাকে সম্পৃক্ত করে আমরা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছি। বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এখন প্রতি বছর তিন থেকে চার বার (প্রতিবার ৮-১০ টি জেলায়) এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে। প্রশিক্ষন দিতে আমাদের সঙ্গে রয়েছেন প্রায় ৪০ জন অভিজ্ঞ শিক্ষক, যাঁরা অত্যন্ত সুচারুভাবে বিভিন্ন জেলায় গিয়ে আমাদের কর্মশালাগুলো পরিচালনা করছেন। এই কাজে বি এন এস এস প্রতি জেলার স্থানীয় প্রশাসন, শিল্পকলা একাডেমি এবং সেই এলাকার সাংস্কৃতিক সংগঠনগুলো থেকে নানা ধরণের সহায়তা পাচ্ছে বলে বাংলাদেশের বহু জেলায় এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোর উত্তরোত্তর প্রসার ঘটছে।

অত্যন্ত দুর্লভ শ্রী জগৎ ঘটকের নিজের হাতে লেখা সেই আদি স্বরলিপির খাতা যেখানে নজরুল সৃষ্ট রাগ এবং আরো বেশ কিছু অপ্রচলিত রগে বাঁধা গানগুলোর মূল স্বরলিপিগুলো লিপিবদ্ধ করা করা হয়েছে
দেশের বিভিন্ন জেলায় পরিচালিত প্রশিক্ষণ কর্মশালাগুলো থেকে খুঁজে পাওয়া বহু নবীন ও প্রতিষ্ঠিত গুনী শিল্পীদের গান সবার সামনে তুলে ধরার জন্য বি এন এস এস এর মাধ্যমে আমরা প্রতি বছর আদি ও প্রমিত সুর অনুসরণ করে নজরুলের ১২৫টি গানের সংকলন প্রকাশ করা শুরু করি ২০২২ সাল থেকে। এই সংকলনে নবীন শিল্পীদের পাশাপাশি দুই বাংলার প্রতিষ্ঠিত বিখ্যাত শিল্পীরাও নজরুলের গান গেয়ে এই নবীন শিল্পীদের উদ্বুদ্ধ করেছেন।
আগামী বছরগুলোতে আমাদের পরিকল্পনা আছে বি এন এস এস এর মাধ্যমে বিভিন্ন জেলায় প্রতিযোগিতা আয়োজন করার মাধ্যমে দেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরে অবস্থিত প্রতিশ্রুতিশীল আরও বহু অচেনা গুণী শিল্পীদের খুঁজে এনে তাঁদের পরবর্তী নজরুলসংগীত সংকলনগুলোতে যুক্ত করতে।

খায়রুল আনাম শাকিল
নজরুলের তিন সহস্রাধিক গানের শুদ্ধ বাণী, স্বরলিপি, শ্রবণ নমুনা এবং আরও যে সকল তথ্য আমরা হাতে পেয়েছি এবং এখনো পাচ্ছি সেই সব তথ্য আমরা “নজরুলসংগীত কোষ”-এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি।
২০২২ সাল থেকে শুরু হওয়া এই সংকলনগুলো প্রতি বছর আমরা বি এন এস এস আয়োজিত দুই দিন ব্যাপী নজরুল উৎসবের মাধ্যমে ইউটিউবে উন্মুক্ত করি। দুই দিন ব্যাপী বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শীর্ষ স্থানীয় সংগীত শিল্পীদের সঙ্গে যুক্ত হন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় অচেনা অথচ অত্যন্ত প্রতিভাবান নবীন ও প্রবীন গুনী শিল্পীরা।
এই কর্মকাণ্ডগুলো ছাড়াও বি এন এন এস সারা বছর নজরুলজয়ন্তী উৎসব, নজরুল মৃত্যুবার্ষিকী এবং নিয়মিত শ্রোতার আসর আয়োজন করে আসছে।

২০২২-এর নজরুল উৎসবে পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মনোময় ভট্টাচার্য
আমাদের এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করবার সময় আমরা আরও অনুধাবন করলাম যে প্রশিক্ষণের পাশাপাশি যদি প্রশিক্ষণার্থীদের হাতে সঠিক বাণী-সুর-স্বরলিপি ও তথ্য সম্বলিত নজরুল-সংগীতের একটি নির্দেশিকা তুলে দেওয়া না হয়, তাহলে বিকৃত সুরের ভিড়ে শিক্ষার্থীরা বারবার বিভ্রান্ত হবে। সেই সঙ্গে নজরুলসংগীত শিল্পী, গবেষক, প্রশিক্ষক সর্বোপরি সম্মানিত শ্রোতাদের এসব বিষয়ে চাহিদার কথা বিবেচনা করে ২০১৯ সাল থেকে বি এন এন এস “নজরুলসংগীত কোষ” নামে একটি আর্কাইভ তৈরি করবার কাজ শুরু করে। নজরুলের তিন সহস্রাধিক গানের শুদ্ধ বাণী, স্বরলিপি, শ্রবণ নমুনা এবং আরও যে সকল তথ্য আমরা হাতে পেয়েছি এবং এখনো পাচ্ছি সেই সব তথ্য আমরা “নজরুলসংগীত কোষ”-এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। এই কোষ প্রণয়নে বহুগুণীজন এবং সংগঠনের থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সাহায্য পেয়েছি এবং এখনও পেয়ে যাচ্ছি। তাঁদের কাছে আমরা সবিশেষ কৃতজ্ঞ।
আমাদের নজরুলসংগীত কোষ তৈরি করবার মূল হল :
• দেশ-বিদেশের বিভিন্ন সূত্র থেকে প্রমিত নজরুলসংগীত সংগ্রহ, সংকলন, সংরক্ষণ করে নজরুলসংগীত কোষে প্রকাশ এবং সঠিক সুর নির্দেশসহ প্রতিটি গানের শুদ্ধ বাণী প্রকাশ
• আদি রেকর্ডে ধারণকৃত (এ পর্যন্ত প্রাপ্ত) প্রতিটি গানের শ্রবণ নমুনা প্রকাশ করা। একইসঙ্গে আদি রেকর্ডের সুরাণুসরণে অধুনা গীত গানের শ্রবণ নমুনা প্রকাশ
• আদি স্বরলিপিতে ধৃত গানের শ্রবণ নমুনা প্রকাশ
• আদি রেকর্ডে ধারণকৃত গানের/আদি স্বরলিপিতে ধৃত গানের আনুষঙ্গিক তথ্যাদি প্রকাশ
• আদি রেকর্ডে ধারণকৃত গানের প্রমিত স্বরলিপি/আদি স্বরলিপি প্রকাশ
• প্রতিটি গানের ভাবসম্পদ প্রকাশ
এটা সত্য যে নজরুলের তিন সহস্রাধিক গানের সকল বাণী, স্বরলিপি, শ্রবণ নমুনা এবং তথ্যগত বিষয়গুলো সার্বিকভাবে তুলে ধরাটা শ্রম এবং সময় সাপেক্ষ বিষয়। তবে বি এন এস এস চলমান প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের লক্ষ্যপূরণে অঙ্গীকারবদ্ধ এবং আশা রাখে যে এই কার্যক্রমগুলোর মাধ্যমে কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মগুলোকে পরিশুদ্ধভাবে সবার সামনে উপস্থাপন করলে তাঁর কাজ আরও বহু বছর নজরুল অনুরাগীদের মাঝে বেঁচে থাকবে।

.jpg)