প্রথমবার কলকাতায় আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক বাংলা সংগীত উৎসব

রেড রোডে এই উৎসবের আয়োজন করবে রাজ্য সরকার

শিল্প-সংস্কৃতির কদরদার যে এই রাজ্যে বেশি বই কম নয়, সে কথা সবাই জানে। তাই এবার শীতে শুধু আন্তর্জাতিক বইমেলা আর চলচ্চিত্র উৎসবেই থেমে থাকবে না বাংলা। সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান এই কলকাতার মাটিতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের প্রথম আন্তর্জাতিক বাংলা সংগীত উৎসব।

জানা গিয়েছে, প্রথমবার এই শীতেই রেড রোডে অনুষ্ঠিত হবে এই বিশেষ উৎসব। অর্থাৎ দুর্গাপুজোর সময় কার্নিভালের জন্য যেভাবে রেড রোড সেজে ওঠে, সেভাবেই আবারও শীত-রোদ্দুর মেখে সেজে উঠবে রাজপথ। আর সেখানেই হাজির হবেন দেশ-বিদেশের সংগীত শিল্পীরাও। সবমিলিয়ে এক সংগীত পরিমণ্ডলে উৎসবের আমেজে কাটবে বেশ কয়েকটা দিন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একাধিকবার শোনা গিয়েছে, বাংলা গানকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা। বাংলার সংস্কৃতির বিষয়ে যাতে গোটা দুনিয়া অবগত হয়, সে প্রয়াসই করতে হবে। কলকাতার চলচ্চিত্র উৎসব যেভাবে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়িয়েছে, রাজ্য সরকারের আশা একইরকম ভাবেই জনপ্রিয়তার শিখরে পৌঁছবে মিউজিক ফেস্টিভ্যালও। যদিও শীতকালের ঠিক কোন মাসে সংগীত উৎসবের আয়োজন করা হবে রেড রোড, তা এখনও ঘোষণা করা হয়নি।প্রসঙ্গত, জানুয়ারির ৭ তারিখ থেকেই শুরু হয়ে যাবে ২৭ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। তারপরই বইপ্রেমীরা মজবেন বইমেলায়। অতিমারী আবহে কোভিডবিধি মেনে ৩১ জানুয়ারি শুরু বইমেলা। আর এই দুই মহোৎসবের সঙ্গে এবার জুড়ে যাচ্ছে আরও একটি উৎসব। আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল। উৎসবের উষ্ণতায় শীতকাল এবার একটু বেশি উপভোগ্য হয়ে উঠতে চলেছে শহরবাসীর কাছে। 

Developed by DXDasia