এর আগে কলেজ স্ট্রিটে পৌরসংস্থার কোনও প্রকাশনা বিভাগ ছিল না
আমাদের দেশের শিক্ষা শিল্প সংস্কৃতির পীঠস্থান কলেজ স্ট্রিট। সারা পৃথিবীর বিদ্বজ্জনের কাছে কলেজ স্ট্রিট মননের কেন্দ্রবিন্দু। এই স্থানটির মহিমা অপরিসীম। সম্প্রতি এখানেই সকলের জন্য খুলে দেওয়া হয়েছে কলকাতা পৌরসংস্থার সমৃদ্ধ প্রকাশনা সম্ভারের বিপণি এবং এটাই প্রথম, এর আগে কলেজ স্ট্রিটে পৌরসংস্থার কোনও প্রকাশনা বিভাগ ছিল না। ঠিকানা- কলেজ স্ট্রিট বরো ৫-এর অফিস। ৩০ অক্টোবর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা পৌরসংস্থার চেয়ারপার্সন, পরিবহণ ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম।
ফিরহাদ হাকিম বলেন, “যে জায়গাটা বইয়ের প্রাণকেন্দ্র সেখানে এতদিন আমাদের প্রকাশনা ছিল না। আমার কাছে যখন এই প্রস্তাব এলো যে, কলেজ স্ট্রিটে পৌরসংস্থার সমস্ত প্রকাশনা যাতে পাওয়া যায় তার জন্য একটা আলাদা বিপনণ করা দরকার, আমি খুব খুশি হই। এই কাজে যাঁরা যাঁরা যুক্ত থেকেছেন সকলকে ধন্যবাদ। দেবাশীষ কুমারকে ধন্যবাদ এই উদ্যোগের পাশে থেকে সহযোগীতা করার জন্য।”
এই উগ্যোগের সঙ্গে জড়িত এক সদস্যের কথায়, পৌরসংস্থার অনেক ভালো ভালো প্রকাশনা রয়েছে। যেমন, এবছরই সত্যজিৎ রায় শতবর্ষ সংখ্যা হয়েছে। এই কাজগুলো বড়ো সংখ্যক পাঠকদের কাছে পৌঁছে যাওয়া উচিত এবং কলেজ স্ট্রিটের এই নতুন বিপণনী সেই অভাবই এবার পূরণ করবে।