তড়িঘড়ি কলকাতার ঠিকানায় ভোটার কার্ড বানালেন মিঠুন

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ এপ্রিল

বিজেপির বিগ্রেডে যোগদান ইস্তক বিজেপির হয়ে তিনি ভোটে দাঁড়াচ্ছেন কি না, তা নিয়ে জল্পনার অন্ত নেই। হাওয়ায় ভাসছে ‘পাকা কথা’ হয়ে গিয়েছে এবং তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন মিঠুন চক্রবর্তী। কী ধরনের প্রস্তুতি? জানা যাচ্ছে, তড়িঘড়ি কলকাতার ঠিকানায় মিঠুন বসন্ত চক্রবর্তী নামে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন তিনি।

মিঠুন জানিয়েছিলেন, বিজেপি চাইলে প্রার্থী হতে পারেন তিনি। বিজেপি-ও প্রথম থেকেই তাই চাইছিল। কিন্তু সমস্যা দেখা দেয় মিঠুন বাংলার ভোটার না হওয়ায়। একটা সময় কলকাতার জোড়াবাগান থানা এলাকায় থাকতেন মিঠুন। এখন সেখানে থাকেন তাঁর বোন শর্মিষ্ঠা সরকার। কলকাতায় এলে সেটাই হয় মিঠুনের ঠিকানা। এ বার রাজা মণীন্দ্র রোডের সেই ঠিকানাতেই ভোটার হলেন মহাগুরু। ফলে বাংলার যে কোনও প্রান্ত থেকে তাঁর আর ভোটপ্রার্থী হওয়ায় কোনও বাধা রইল না। তবে রাজ্য বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কলকাতার কোনও কেন্দ্র থেকেই প্রার্থী হবেন তিনি।

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ এপ্রিল। কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও আসনে প্রার্থী হতে গেলে মনোনয়ন জমা দেওয়ার ৭ দিন আগে সংশ্লিষ্ট রাজ্যের ভোটার হতে হয়। মিঠুনের ক্ষেত্রে আর সেই সমস্যা রইল না।

প্রসঙ্গত, অটলবিহারী বাজপেয়ী ও মনমোহন সিংহ সরকারের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করা অশোককে বিজেপি প্রথমে আলিপুরদুয়ারে প্রার্থী করে। কিন্তু পরে জানা যায়, বাংলার ভোটারই নন অশোক। আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চতুর্থ দফায়, ১০ এপ্রিল। সেই হিসেবে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ। পরে অশোকের বদলে আলিপুরদুয়ারে প্রার্থী করা হয় সুমন কাঞ্জিলালকে।

Developed by DXDasia