
বাকি পড়ুয়াদের উদ্বুদ্ধ করতেই রাজ্য সরকারের এই ঘোষণা
২০২১-এর উচ্চমাধ্যমিকে সেই সেরা। তারই পুরস্কার স্বরূপ রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছে রুমানা সুলতানা। এবারের উচ্চমাধ্যমিকে এককভাবে সর্বাধিক নম্বর পেয়েছে কান্দির রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের এই ছাত্রী। ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়েছে সে। শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুরে জেলা প্রশাসনের তরফে সংবর্ধনা দেওয়া হয় রুমানা এবং জেলার আরেক কৃতী ছাত্র প্রীতম চক্রবর্তীকে। এই অনুষ্ঠানে জেলাশাসক শরদকুমার দ্বিবেদী জানিয়েছেন, রুমানাকে কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হবে।
জেলাশাসকের কথায়, মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করে উচ্চমাধ্যমিকে সর্বাধিক নম্বর পেয়েছে এক কন্যাশ্রী। তাঁকেই কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হবে। কন্যাশ্রীর সাফল্য জেলার অন্য ছাত্রীদেরও উৎসাহ জোগাবে। এটা আমাদের কাছে গর্বের বিষয়। অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার রুমানা এবং প্রীতমের ভূয়সী প্রশংসা করে বলেছেন, জেলার নাম উজ্জ্বল হয়েছে, ভবিষ্যতেও হবে। এই দুই কৃতী পড়ুয়ার জন্য সবাই গর্বিত।
রুমানার বাবা রবিউল আলম গয়েশাবাদ অচলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিনও পেশায় শিক্ষিকা। শিক্ষক পরিবারের মেয়ে সর্বাধিক নম্বর পেয়ে ইতিহাস গড়েছে, তাতে খুশি সবাই। এই সাফল্যে জেলার অন্য ছাত্রীরাও উৎসাহ পাক, রুমানা এটাই চায়। ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সে।
