ফিরছে ‘দুয়ারে সরকার’ আসছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ও, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

এ দিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণাও করেন তিনি

১৬ আগস্ট থেকে ফের রাজ্যে ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিজ্ঞাপন দিয়ে পুরো বিষয়টি সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে।

মখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমরা আবার দুয়ারে সরকার প্রকল্প চালু করছি। ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার। যাঁরা আবেদন করতে চান তাঁরা নিয়ম মেনে আবেদন করতে পারবেন।’’

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দুয়ারে সরকারের আওতায় খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী,  স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, উপজাতি সংশাপত্র, তফসিলি বন্ধু, শিক্ষাশ্রী, জয় জোহর, কন্যাশ্রী, রূপশ্রী, ১০০ দিনের কাজ প্রভৃতি সুবিধার আবেদন করা যাবে। আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া জমির মালিকানা সংক্রান্ত সমস্যার আবেদনও করা যাবে এই প্রকল্পের মধ্যে।এ দিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘১ সেপ্টেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তার জন্য আবেদন পত্র জমা দিতে হবে। এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে ১০০০ টাকা ও বাকি মহিলারা মাসে ৫০০ টাকা করে পাবেন।’’

Developed by DXDasia