
সব ঠিক থাকলে তাঁর সফর শুরু হবে ঝাড়গ্রাম থেকে
আর বিলম্ব নয়। এসএসকেএম হাসপাতাল থেকে শুক্রবার সন্ধ্যায় কালীঘাটের নিজের বাড়িতে ফিরেই নির্বাচনী প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের বারণ থাকা সত্ত্বেও তা অগ্রাহ্য করে নির্বাচনী প্রচারে নেমে পড়তে চলেছেন তিনি।
সব কিছু ঠিকঠাক থাকলে তাঁর সফর শুরু হবে ঝাড়গ্রাম থেকে। আঘাতের কারণে দু’দিনের নির্বাচনী কর্মসূচি বাতিল করতে হয়েছে, বাড়ি ফিরে আক্ষেপ করে বলেন, “নিজের সুবিধা-অসুবিধার কথা ভাবার সময় এখন নয়। আমি বিশ্বাস করি, যাদের সামনে যাব, সেই জনতার সহযোগিতা পাব। এটাই সব চেয়ে বড় পাওয়া।…আঘাত যন্ত্রণা সব কিছুর পরেও বলছি, মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার শক্তি। তাই নিজের কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছানো আমার কাছে বেশি জরুরি।” প্রসঙ্গত, সফরে বেরোনোর আগেই, রবিবার, নন্দীগ্রাম দিবসে বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন মমতা।
