মহুয়ার ‘এক ট্যুইটেই’ তড়িঘড়ি রাজ্যসভা থেকে ইস্তফা বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের

প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পর থেকে ধুন্ধুমার চলছে বিজেপিতে

প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পর থেকে ধুন্ধুমার চলছে বিজেপিতে। বিজেপি থেকে ঘোষণা করা হয়েছিল তারকেশ্বর আসনে দলীয় প্রার্থী হবেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। তার চব্বিশ ঘন্টার মধ্যেই স্বপনের সাংসদপদ বাতিলের দাবি তোলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি দাবি করেন, সংবিধানের দশম তফসিল অনুযায়ী, স্বপন ভোটে দাঁড়াতে পারেন না। মহুয়া মৈত্রের এই সতর্কীকরণের পরই তড়িঘড়ি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন স্বপন।

রাজ্যসভার মনোনীত সাংসদ এত দিন কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। সোমবার রাতে মহুয়া মিত্রই তথ্যটি নেটমাধ্যমে প্রকাশ্যে আনেন। তিনি লেখেন, ‘বাংলার নির্বাচনে স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী। সংবিধানের দশম তফসিলে বলা রয়েছে, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য শপথগ্রহণ করার ৬ মাস পর যদি কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তা হলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়। স্বপন শপথ নিয়েছিলেন ২০১৬-র এপ্রিলে, এখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। বিজেপি-তে যোগ দেওয়ার জন্য এখনই তাঁর সদস্যপদ বাতিল করতে হবে’।

পদত্যাগপত্র জমা দিয়ে স্বপন ট্যুইটারে লেখেন, ‘উন্নততর বাংলা গড়ার যুদ্ধে নিজেকে সম্পূর্ণ ভাবে নিয়োজিত করতে আজ রাজ্যসভা থেকে পদত্যাগ করলাম। আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে তারকেশ্বরের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারব’। সংবিধান মেনে ইস্তফা দেওয়ার জন্য নেটমাধ্যমে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন মহুয়া। টুইটারে লেখেন, ‘রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন স্বপন দাশগুপ্ত। আপনাকে ধন্যবাদ স্যর। বাংলার নির্বাচনের জন্য শুভেচ্ছা রইল’।

Developed by DXDasia