
কংগ্রেস সভানেত্রীর ফোন পেয়ে খুশি মিত্র পরিবার
গত কয়েক দিন ধরে যে কারণে বিজেপির বিরুদ্ধে দলের কর্মী-সমর্থকদের লাগাতার বিক্ষোভ চলছে, তার রেশ কাটতেই চাইছে না। বিক্ষোভের কেন্দ্রে বিজেপির ‘বিতর্কিত’ প্রার্থীতালিকা। বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছিল চৌরঙ্গি কেন্দ্রে সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রকে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু ভোটে লড়তে চান না তিনি। একটি ভিডিয়োর মাধ্যমে দেওয়া বার্তায় শিখা বলেছিলেন, কোনওমতেই বিজেপি-র হয়ে দাঁড়াচ্ছেন না তিনি। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের জন্য প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রকে ফোন করে ধন্যবাদ জানান কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি।
জানা যাচ্ছে, কংগ্রেস সভানেত্রীর ফোন পেয়ে স্পষ্টতই খুশি মিত্র পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় শিখার সঙ্গে সনিয়ার বেশ কিছুক্ষণ ধরে ফোনে কথা হয়। শিখাকে সনিয়া বলেন, “আপনার কাছ থেকে এমন প্রত্যাশাই ছিল। এর জন্য দল আপনাকে যোগ্য সম্মান দেবে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার যে প্রার্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি সেখানে শিখার নাম ঘোষণা করা হয়। শিখার অভিযোগ, তাঁকে না জানিয়েই এমনটা করা হয়েছে। কী ভাবে এ কাজ করতে পারল বিজেপি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। প্রসঙ্গত, বিজেপি নেতা তথা নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী শিখার সঙ্গে দেখা করেছিলেন। তাঁকে বিজেপি-তে যোগ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে দাবি শিখার। ব্যস, ওইটুকুই। কিন্তু তার পরে এ নিয়ে আলোচনা আর এগোয়নি।
