‘জোটে ভোট বুক চিতিয়ে’ টুম্পার সুরেই ফের নতুন প্যারোডি বামেদের ‘ইয়ং ব্রিগেড’-এর

বঙ্গ রাজনীতিতে নতুন ঘরানার বাম-দর্শন করাচ্ছে একুশ

বঙ্গ রাজনীতিতে নতুন ঘরানার বাম-দর্শন করাচ্ছে একুশ। সনাতনী দর্শন ভুলে হালফিলের ট্রেন্ডি অথচ অভিনবত্বে বিশ্বাস রাখা শুরু করেছে বামপন্থীরা। শেষবার ছিল ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার ডাক। এবার ‘বুক চিতিয়ে জোটে ভোট’ দেওয়ার আহ্বান। বাংলায় নিজেদের পালে হাওয়া লাগাতে ফের  ‘টুম্পা সোনা’র দ্বারস্থ বামেরা। অতি পরিচিত এই আইটেম নম্বরের আরও একটি প্যারোডি তৈরি করে ফেলেছেন বামমনস্ক দুই যুবক। প্রথম গানটির মতো সাড়া ফেলেছে টুম্পা সোনার দ্বিতীয় ভাগও।

‘টুম্পা সোনা’র প্রথম প্যারোডিতে বলা হয়েছিল, ‘টুম্পা/তোকে নিয়ে ব্রিগেড যাব/টুম্পা/চেন ফ্ল্যাগে মাঠ সাজাব/টুম্পা/২৮ শে তুলব আওয়াজ/টুম্পা/মোদি-দিদি সব ভোগে যাক।’ আর দ্বিতীয় প্যারোডিতে বলা হয়েছে, “একুশে ঘুরবে খেলা/চাকরি আর ভাতের থালা/যারা সব বলেছিল পাকা চুলে ভরে গেল/ বামেদের ইয়ং ব্রিগেড বুক চিতিয়ে পাঙ্গা নিল…। টুম্পা তোকে নিয়ে ভোট দেব/ টুম্পা জোটে ভোট বুক চিতিয়ে/ টুম্পা বিজেমূল ভোগে যাবে/ টুম্পা লালে-লাল বাংলা হবে।”

যুব সমাজকে কাছে টানতে প্রার্থী তালিকায় যেমন চমক রয়েছে, তেমনই প্রচারে এসেছে অভিনবত্ব। পুরনো আমলের ইনকিলাবের সঙ্গে যুক্ত হয়েছে ‘ফেরাতে হাল, ফিরুক লাল’ স্লোগান। তবে, সবচেয়ে বেশি নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায় হাল আমলের ‘টুম্পা সোনা’র প্যারোডি।

Developed by DXDasia