
বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন পটাশপুর থানার ওসি
প্রথম দফার ভোটের আগে প্রবল বোমাবাজিতে কাঁপলো পূর্ব মেদিনীপুরের পটাশপুর। ভোটের আগের রাতেই স্পর্শকাতর ওই এলাকায় টহলদারির সময় দুষ্কৃতীদের বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন পটাশপুর থানার ওসি। আক্রান্ত হয়েছেন এক আধাসেনা জওয়ানও। পটাশপুরের এই কাণ্ডে পাকিস্তানি যোগের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, রাতে কিছু পাকিস্তানি ফুলবাড়িতে গোলমাল করেছে। গোলমাল করেছে সিরিয়াতে। পটাশপুরে ওসিকে বোম মেরেছে পাকিস্তানিরা। এটা নির্বাচন কমিশনের দেখা উচিত।
সূত্রে্র খবর, শুক্রবার রাতে পটাশপুর কেন্দ্রের স্পর্শকাতর এলাকা আড়গোয়ালে টহল দিচ্ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ছিলেন পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী। অভিযোগ, তখনই পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গুরুতর আহত হন ওসি এবং আধাসেনার এক জওয়ান। তাঁদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ আহত জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় স্থানান্তর করা হতে পারে বলে খবর। তৃণমূলের অভিযোগ, এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত।পালটা তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে পদ্মফুল শিবির।
