হাবড়ায় সাফাইকর্মীদের বিক্ষোভের মুখে রাহুল সিনহা, শোনানো হয় ‘গো ব্যাক’ স্লোগান

মঙ্গলবার সকালে হাবড়ায় ঘটেছে এই ঘটনা

উত্তর ২৪ পরগনার একটি নজরকাড়া কেন্দ্র হাবড়া। মঙ্গলবার সকালে সেখানে ভোট প্রচারে বেরিয়ে সাফাইকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সাফাইকর্মীরা রাহুলবাবুকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন।

মঙ্গলবার সকাল ৬টা নাগাদ হাবড়ার নালন্দা মোড় লাগোয়া এক চায়ের দোকানে কথা বলছিলেন রাহুলবাবু। এরপর ওই চায়ের দোকান ছেড়ে আশপাশের এলাকায় গিয়ে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভোট প্রচার করছিলেন। তখন সাফাইকর্মীদের অফিসের সামনে গিয়ে হাত জোড় করে ভোটের প্রচার করেন। কিছু সময় পর রাহুলবাবু ফের ওই চায়ের দোকানে এসে বসেন। এরপর সাফাইকর্মীরা ওই দোকানের অদূরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

তিনি যাওয়ার পর ওই জায়গা গঙ্গাজল দিয়ে ধুয়ে দেওয়া হয় বলেও শোনা যায়। রাহুল সিনহার অভিযোগ, সাফাইকর্মীরা হাবড়ার বাসিন্দাদের করের টাকায় পরিষেবা দেন। তাঁরা সেই কাজ না করে তৃণমূলের হয়ে স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি করেছে।

হাবড়া পুরসভার প্রশাসকের কথা অনুয়ায়ী, বিজেপি প্রার্থী এদিন বিনা অনুমতিতে সাফাইকর্মীদের অফিসে গিয়ে ভোট প্রচার করেছিলেন। এই ঘটনায় তাঁরা বিরক্ত হয়েই ক্ষোভ দেখিয়েছেন। কারণ, রাজনীতি সচেতন সাফাইকর্মীরা বিজেপির জনবিরোধী কার্যকলাপ সম্পর্কে অবহিত। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

প্রসঙ্গত, হাবড়ার দু’বারের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের খাদ্যমন্ত্রী। এবারও তিনি এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী। সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ঋজিনন্দন বিশ্বাসও বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল সিনহার নাম দেরিতে ঘোষণা করা হলেও তিনি প্রচারেও খামতি রাখতে চাইছেন না। শুরু থেকেই এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যে বাগ্‌যুদ্ধ চরমে উঠেছে।

 

Developed by DXDasia