ভিড় নেই! সেকারণেই কি ঝাড়গ্রামের সভায় গরহাজির অমিত শাহ?

একুশের নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজ্যে প্রচার শুরু করেছে বিজেপি

একুশের নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজ্যে প্রচার শুরু করেছে বিজেপি।একাধিক কেন্দ্রীয় নেতা প্রচারে এসেছেন। জেলায় জেলায় গিয়ে জনসংযোগ করেছেন। রবিবার খড়গপুরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড-শো-এ অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর সোমবার ঝাড়গ্রাম ও বাঁকুড়ার রানিবাঁধে সভা করার কথা ছিল তাঁর। কিন্তু সশরীরে নয়, ঝাড়গ্রামে গরহাজির থেকে ‘ভারচুয়ালি’ সভায় যোগ দেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

জানা যাচ্ছে, বেলা এগারোটায় ঝাড়গ্রামের সভা শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে সেখানে পৌঁছননি শাহ। পরবর্তীতে জানা যায়, কপ্টারের ব্যাটারি চার্জিংয়ে সমস্যার কারণে তাঁর দেরি হচ্ছে। পরবর্তীতে ঝাড়গ্রাম সফর বাতিল করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু সভা বাতিল করা হয়নি। খড়গপুর থেকে ভারচুয়ালি ঝাড়গ্রামের সভায় বক্তব্য রাখেন শাহ। তবে, কানাঘুষো শোনা যাচ্ছে, সভায় পর্যাপ্ত লোক না হওয়ার জন্যই সভা শুরুর কিছুক্ষণ আগে সিদ্ধান্ত পালটে ফেলেন শাহ। শেষ পাওয়া খবর অনুযায়ী, রানিবাঁধের সভায় যাবেন তিনি। 

 

Developed by DXDasia