ভোট যেন শুধু নন্দীগ্রামেই! কপ্টার-নজরদারি, নাকা চেকিং, জারি হতে পারে ১৪৪ ধারা

গোটা কেন্দ্রকেই মুড়ে ফেলা হয়েছে কঠিন নিরাপত্তায়

আগামীকাল সেই দিন। আগামীকাল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামে ভোট। ভোট যেন শুধু নন্দীগ্রামকে কেন্দ্র করেই। শুধু রাজ্য নয়, গোটা দেশের নজর এখন সেখানে। তাই আগেভাগেই এই কেন্দ্রের প্রত্যেকটি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করেছে কমিশন।  ‌এই মুহুর্তে নন্দীগ্রামে গলিতে গলিতে বন্দুক হাতে কেন্দ্রীয় বাহিনীর সদস্য, পাল্লা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে রাজ্য পুলিশ, মাথার ওপর ঘুরছে হেলিকপ্টার। এলাকায় ঢুকতে আবার নাকা চেকিং।

তবু আশঙ্কা কমেনি। তাই গোটা কেন্দ্রকেই মুড়ে ফেলেছে কঠিন নিরাপত্তায়। তাতেও কাজ না দিলে গোটা কেন্দ্রেই আগামীকাল জারি হতে পারে ১৪৪ ধারা। সেই ভাবনাও রয়েছে কমিশনের।
নন্দীগ্রামে বুথের সংখ্যা ৩৫৫। ঠিক ছিল, ২১ কোম্পানি বাহিনী মোতায়েন হবে এই কেন্দ্রে। কিন্তু মঙ্গলবার সেই সিদ্ধান্ত বদলেছে কমিশন। এখন ২২ কোম্পানি বাহিনী মোতায়েন করা রয়েছে। অর্থাৎ প্রায় দু’‌ হাজার আধাসেনা মোতায়েন থাকবে এই কেন্দ্রেই। প্রত্যেক বুথে আট জন করে নিরাপত্তারক্ষী থাকবেন। 

কেন্দ্রের ওপর বাড়তি নজর রাখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিশেষ সেল তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই এই সেলের অফিসারেরা পরিস্থিতির ওপর নজর রাখবেন। সূত্রের খবর, নন্দীগ্রামের ৭৫ শতাংশ বুথকে ওয়েবকাস্টিংয়ের আওতায় রাখা হবে। অর্থাৎ প্রায় ২৬৭টি বুথে ক্যামেরা থাকবে। কন্ট্রোল রুমে বসে এই ফুটেজ দেখবেন কমিশনের অফিসাররা। এছাড়া সাধারণ ভিডিওগ্রাফির ব্যবস্থাও থাকবে।

নন্দীগ্রামের প্রতিটি বুথে একজন করে মাইক্রো–অবজারভার রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাআখর জন্য পর্যাপ্ত সংখ্যায় ফ্লাইং স্কোয়াডও থাকবে। ভোটের সময় আচমকা গোলমাল দেখা দিতে পারে বলে আশঙ্কা কমিশনের। সেসব রুখতে ২২টি কুইক রেসপন্স টিমও প্রস্তুত থাকবে।

Developed by DXDasia