
সংবাদমাধ্যম এবং বিভিন্ন নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে জিতেনের সেই বক্তব্যের ভিডিও
ভোটে জিতলে নিজের নির্বাচনী এলাকার বয়স্কদের বিনামূল্যে নিয়ে যাবেন ‘অযোধ্যা ট্রিপ’-এ। এইধরনের প্রতিশ্রুতি দিয়ে এ বার নির্বাচন কমিশনের কোপে পড়লেন পাণ্ডবেশ্বরের তৃণমূলত্যাগী বিজেপি প্রার্থী জিতেন্দ্র (জিতেন) তিওয়ারি। জিতেনের ওই মন্তব্যে নির্বাচনী আদর্শ আচরণ বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। তার প্রেক্ষিতেই বুধবার বিজেপি প্রার্থীকে শোকজ করেছে কমিশন।
পাণ্ডবেশ্বরে দলীয় প্রচারে বেরিয়ে সেই জিতেনই ঘোষণা করেন, ‘‘নির্বাচনে জয়ী হওয়ার পর, পাণ্ডবেশ্বরের সমস্ত মানুষ, বয়স্করা যাঁরা আছেন, যাঁরা অযোধ্যা যেতে চাইবেন, দলের তরফ থেকে আমরা সকলকে অযোধ্যা নিয়ে যাব।’’ জিতেনের ওই বক্তব্য সংবাদমাধ্যম তো বটেই নেটমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এর পরই তা নিয়ে বিতর্ক শুরু হয়।
নির্বাচনের আদর্শ আচরণবিধি অনুযায়ী, ভোটদাতাদের ধর্ম সংক্রান্ত বিষয়ে কিছু বলা যায় না। জিতেনের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে, ধর্মীয় ভাবানুভুতিকে তুরুপের তাস করার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। জিতেনের ওই বক্তব্যের ভিডিয়ো রেকর্ডিং-সহ অভিযোগ কমিশনের কাছে জমা দেয় জোড়াফুল শিবির। তার প্রেক্ষিতেই জিতেনকে শোকজ করা হয়।
