
আদিবাসী সংস্কৃতি বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ
শান্তিনিকেতনের বোনেরপুকুর ডাঙ্গা এলাকার ঘটনা। ভোটের সময় দেওয়াল দখল নতুন কিছু নয়। কিন্তু, সব ভোটেই ব্যতিক্রম হয়ে থাকত শান্তিনিকেতনের বল্লভপুরডাঙ্গা, বনেরপুকুরডাঙ্গা, সরকারডাঙ্গা-সহ বেশ কয়েকটি আদিবাসী গ্রাম। তাঁদের ধারণা ভোটের সময় দেওয়াল লিখন করলে বা বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার-ব্যানার, হোর্ডিং দিলে তাঁদের নিজস্ব সংস্কৃতি অনেকটাই নষ্ট হবে। বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ উঠছে দেওয়াল লিখে আদিবাসীদের ঐতিহ্য সংস্কৃতি নষ্ট করছে তাঁরা। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
গ্রামগুলিতে মাটির বাড়ির দেওয়ালে দেওয়ালে আদিবাসীদের নানা কারুকার্য সংবলিত শিল্প-সংস্কৃতির নিদর্শন থেকে শুরু করে তাঁদের হাতে আঁকা বিভিন্ন চিত্রকলা রয়েছে। তাই সংস্কৃতি বাঁচিয়ে রাখতে তাঁরা গ্রামের দেওয়ালে কোনও রাজনৈতিক দলকেই ভোটের প্রচার করতে দেন না।
এ বারের বিধানসভা নির্বাচনের প্রাক্কালেও স্থানীয় আদিবাসীরা রাজনৈতিক দেওয়াল লিখন না করার আর্জি জানিয়ে প্রচার চালান। গ্রামবাসীদের অভিযোগ, কে বা কারা লুকিয়ে রাতের অন্ধকারে বোনেরপুকুরডাঙ্গা গ্রামের বেশ কয়েকটি জায়গায় বিজেপি-র দলীয় প্রতীক চিহ্ন এঁকে দিয়ে গিয়েছে। এতে তাঁদের সংস্কৃতিকে নষ্ট করা হয়েছে। ঘটনার প্রতিবাদে এ দিন ক্ষোভে ফেটে পড়েন বোনেরপুকুরডাঙ্গার বাসিন্দারা। গ্রামে ঢোকার মুখে একটি সাইনবোর্ড লাগিয়ে তাতে লিখে দেন, এখানে কোনও রাজনৈতিক দলকে দেওয়াল লিখন করতে দেওয়া হবে না।
