দুর্গানগরে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে লকডাউনের মধ্যেই গড়ে উঠল ‘বিবেক বাহিনী’

স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে যাত্রা শুরু করেছে এই সংগঠন

লকডাউনে বহু খেটে খাওয়া মানুষের রোজগার বন্ধ। তাঁদের সাহায্য করার লক্ষ্য নিয়ে দমদম অঞ্চলের দুর্গানগরের কিছু মানুষ জোট বাঁধলেন। যাত্রা শুরু করল এক নতুন সংগঠন।

উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত দুর্গানগর অঞ্চলে থাকেন শুভজিৎ চক্রবর্তী নামের এক যুবক। পেশায় গৃহশিক্ষক। লকডাউনের সময়ে এলাকার গরিব মানুষদের যন্ত্রণা তাঁকে গভীরভাবে নাড়া দেয়। কীভাবে এলাকার দুঃস্থ মানুষদের সেবা করা যায়, তা নিয়ে ভাবছিলেন তিনি। এমন সময় তাঁর এক ছাত্র ফোন করে টিউশনির বেতন নিয়ে যাওয়ার কথা বলে। সেই ১৪০০ টাকা দিয়েই শুভজিৎ তাঁর কাজ শুরু করেন। বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের থেকে আরও অর্থ সংগ্রহ করতে থাকেন। সব মিলিয়ে ১০ হাজার টাকা সংগৃহীত হয়।

স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত শুভজিৎ তাঁর পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে গড়ে তোলেন ‘বিবেক বাহিনী’। কয়েকজন বন্ধু এবং শুভানুধ্যায়ী তাতে সামিল হন। গত ১৭ এপ্রিল এলাকার ৭০টি পরিবারের হাতে ৪ কেজি করে চাল, ২০০ গ্রাম করে ডাল, এবং ১ কেজি করে আলু তুলে দেন তাঁরা। শুভজিতের বাবা বাসুদেব চক্রবর্তী যেমন এই সংগঠনে যুক্ত আছেন, তেমনই সক্রিয়ভাবে রয়েছেন সুমিত চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, সায়ন ঘোষ, মধুমিতা ঘোষ এবং রবীন ঘোষ।

ভবিষ্যতের জন্য আরও কিছু পরিকল্পনা আছে এই সংগঠনের। আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁরা একটি রক্তদান শিবিরের আয়োজন করতে চান। সরস্বতী পুজোর দিন এলাকার দুঃস্থ শিশুদের হাতে বইখাতা তুলে দেওয়ারও পরিকল্পনা রয়েছে। শুভজিৎ জানালেন, “আমরা লকডাউনের পর ‘বিবেক বাহিনী’র নাম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রেজিস্ট্রেশন করানোর উদ্যোগ নেব”। 

Developed by DXDasia