
কলকাতাবাসীকে দ্রুত টিকা দিতে বদ্ধ পরিকর পুরসভা
করোনার প্রথম ঢেউয়ের চেয়ে দ্বিতীয় ঢেউ অনেকবেশি শক্তিশালী। এ প্রমাণ গত কয়েক মাসে দেশ পেয়েছে। যেনতেন প্রকারেণ আটকাতে হবে তৃতীয় ঢেউ। কলকাতাবাসীকে তাই দ্রুত টিকা দিতে বদ্ধ পরিকর পুরসভা।
কলকাতা পুরসভা আনছে নতুন প্রকল্প ‘ভ্যাকসিন অন হুইল’। যেখানে প্রধান ভূমিকা পালন করবে একটি শীতাতপনিয়ন্ত্রিত বাস। আগামীকাল অর্থাৎ ৩ জুন থেকে কলকাতায় শুরু হয়ে যাবে ‘ভ্যাকসিন অন হুইল’। মূলত এই পরিষেবা পাবেন ব্যবসায়ী, হকার, দোকানি এবং দিনমজুররা। তাঁদের ভ্যাকসিন নেওয়াটা খুবই জরুরি বলে মনে করছে পুরসভা।
৩ জুন, বৃহস্পতিবার থেকেই পোস্তা বাজারে শুরু হবে এই প্রকল্প। ওইদিন পোস্তা বাজারে একটি শীতাতপনিয়ন্ত্রিত বাস পৌঁছে যাবে। যেখানে ১০ জন করে ব্যবসায়ী, হকার বা দোকানদার কিংবা দিনমজুররা টিকা নিতে পারবেন। টিকা নেওয়ার পরই তাঁদের ছেড়ে দেওয়া হবে না। নিয়ম মেনে সেই বাসেই আধঘণ্টা অপেক্ষা করতে হবে। কারণ কেউ টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হবে।
এ প্রসঙ্গে পুরমন্ত্রী জানিয়েছেন, “এই পরিষেবা পেতে আগে থেকে নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই। পুর ও পরিবহণ দপ্তরের যৌথ উদ্যোগেই এই পরিষেবা চালু হচ্ছে।” এমন প্রক্রিয়া চলতে থাকলে রাজধানী কলকাতা একদিন মাস্কমুক্ত শহর হয়ে উঠবে। কলকাতা পুরসভার পাশাপাশি সেই স্বপ্নই দেখছেন কলকাতার মানুষ। এখন এই ভ্যাকসিন প্রক্রিয়া কত দ্রুত সম্ভব স্থাপন করা যায়, সেটাই দেখার।
