
কালীঘাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে ইস্তেহার প্রকাশ করবেন মমতা
বৃহস্পতিবারই তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হবে, এমনটাই কথা ছিল। কিন্তু, বুধবার নন্দীগ্রামে মনোনয়ন পেশের পর সন্ধেবেলা মন্দির দর্শন করতে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তড়িঘড়ি কলকাতা ফিরে এসে এসএসকেএম-এ ভর্তি হন তিনি, আপতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ফলে স্থগিত রয়েছে দলের যাবতীয় কর্মসূচি। ইস্তেহার প্রকাশও পিছিয়ে গিয়েছিল। ইতিমধ্যে শুক্রবারই ইস্তেহার প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল তৃণমূল।
দলীয় সূত্রে খবর, ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবসেই ইস্তেহার প্রকাশ করা হবে। জানা যাচ্ছে, কালীঘাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে ইস্তেহার প্রকাশ করবেন মমতা। ইস্তাহারে কী কী থাকবে তা এখনও স্পষ্ট না হলেও, শোনা যাচ্ছে, করোনা এবং আমফান পর্বে কেন্দ্র সরকারের বঞ্চনার কথা বিস্তারিতভাবে লেখা থাকবে।
