সকলের কাছে তিনি ‘ডাক্তারবাবু’, নির্বাচনী প্রচারে গিয়েও দেখলেন রোগী

তাঁর পেশাগত দক্ষতাই তাঁকে পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের কাছাকাছি

এতদিন মানুষের সেবাই করেছেন। তবে, রাজনীতির ময়দানে পা দিয়ে নয়, রোগীর সেবা করে। পেশায় তিনি চক্ষু বিশেষজ্ঞ। মানবসেবা শুধুই ডাক্তারের চেম্বারের মধ্যে আবদ্ধ রাখতে চাননি তিনি। তাই বেছে নিয়েছেন রাজনীতির পথ। কথা বলছি, বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ড. সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। ভোটের প্রচারে বেরিয়ে বিনামূল্যে রোগীর চিকিৎসা করে নজর কেড়েছেন তিনি।

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিন যখন তাঁর নাম ঘোষিত হয়েছিল, সেই সময়ও তিনি ছিলেন অপারেশন থিয়েটারে। বুধবার বসিরহাটের নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে ছোট থেকে বড় সব বয়সের মানুষদেরই বিনামূল্যে চোখ পরীক্ষা করেন তিনি। তাঁর পেশাগত দক্ষতাই তাঁকে পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের কাছাকাছি।

Developed by DXDasia