‘This Car Respects Women’ : মহিলাদের হেনস্থা রুখতে কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ

বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অ্যাপ ক্যাব, ট্যাক্সি বা অটো চালকদের

গণপরিবহণে কতটা নিরাপদ বোধ করেন শহরের মহিলা যাত্রীরা? অ্যাপ ক্যাব, অটোরিকশা, বা ট্যাক্সি চালকদের কাছ থেকে কী ধরনের আচরণ পেয়ে থাকেন তাঁরা? অ্যাপ ক্যাব বা অটোতে মহিলারা প্রায়ই হেনস্তার শিকার হন, তাঁদের লক্ষ্য করে কটূক্তি ছুঁড়ে দেন চালকরা। বিভিন্ন সময়ে অ্যাপ ক্যাব চালকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। এই ধরনের আচরণ করে গ্রেপ্তারও হয়েছে বেশকিছু অ্যাপ ক্যাব চালক বা অটো ড্রাইভার। কলকাতা পুলিশের কাছে হামেশাই অভিযোগ আসে, মহিলা যাত্রীরা হেনস্থা হচ্ছেন বিভিন্ন যানবাহনের চালকের দ্বারা। এই প্রবণতা রুখতেই তাঁদের বিশেষ উদ্যোগ, ‘This Car Respects Women’।

মূলত অ্যাপ ক্যাব, অটোরিকশা এবং ট্যাক্সি চালকদের জন্য কলকাতা পুলিশের ‘নির্ভয়া প্রজেক্ট’-এর অধীনে শহরের প্রতিটি ট্রাফিক গার্ড দ্বারা আয়োজিত ২৫০টি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা, যেখানে তাঁদের প্রধানত Gender Sensitisation অর্থাৎ লিঙ্গ সংবেদনশীলতা সম্পর্কে প্রশিক্ষিত করা হবে। মঙ্গলবার সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের উদ্যোগে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় প্রথম কর্মশালা, উদ্বোধন করেন মাননীয় নগরপাল শ্রী সৌমেন মিত্র।

সমস্ত ট্রাফিক গার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব সংস্থার সঙ্গে কথা বলে তাদের এলাকায় অ্যাপ নির্ভর ট্যাক্সি চালকদের তালিকা তৈরি করতে। পাশাপাশি এলাকায় যে সমস্ত অটো ও ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখানকার চালকদেরও এই প্রশিক্ষণে নিয়ে আসতে বলা হয়েছে। জানা যাচ্ছে, কলকাতা পুলিশের আওতাধীন ২৫টি ট্রাফিক গার্ডের প্রত্যেকেই মাথাপিছু ১০টি কর্মশালার আয়োজন করবে, প্রতিটি কর্মশালায় অংশগ্রহণ করবেন ৫০ জন চালক। লক্ষ্য, ১২ হাজার ৫০০ জন চালককে প্রশিক্ষিত করা। চলতি মাসের শেষ পর্যন্ত ক্রমাগত চলবে এই কর্মশালাগুলি। প্রশিক্ষণ শেষে প্রত্যেক চালকের হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র, এবং তাঁদের গাড়িতে সাঁটা হবে স্টিকার, যাতে লেখা থাকবে, ‘এই গাড়িতে আপনি সুরক্ষিত’।

ছবি ঋণঃ কলকাতা পুলিশ ফেসবুক পেজ

 

 

Developed by DXDasia