বিশ্বের প্রায় ১০০০টি বইয়ের স্টল নিয়ে শুরু হল ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

বইমেলা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুরু হল ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩। আজ, ৩০ জানুয়ারি বইমেলা উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিডাও ডমিনগুয়েজ এবং স্পেনের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রকের ডিরেক্টর জেনারেল মারিয়া হোসে গালভেজ সালভাডর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাঁকে বইমেলার পক্ষ থেকে বিশেষ সম্মানও দেওয়া হল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, “বইমেলা আজ নিজস্ব ঠিকানা পেয়েছে। সেন্ট্রাল পার্কের এই মাঠটিকে আমরা বইমেলা প্রাঙ্গন নামকরণে ভূষিত করেছি। গতবছর বইমেলায় প্রায় ২৪ কোটি টাকার বই বিক্রি হয়েছিল এবং ২৩ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। এটা বিশ্বের রেকর্ড।” এছাড়াও লিটল ম্যাগাজিন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, “গুরুত্বপূর্ণ কিছু লিটল ম্যাগাজিন আছে বাংলায়। আমার হাতে কেউ যদি একটা ছোটো পত্রিকা তুলে দেন, আমি খুব যত্ন নিয়ে পড়ি। কারণ তার মধ্যে ভালো কিছু তথ্য থাকে।” মেলা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘কয়েকটা স্টল দেখে একটা জিনিসই মনে হল প্রথমে, এখানে করার ফলে আকর্ষণ যেমন বেড়েছে, জায়গাও বেড়েছে। অনেকটা জায়গা। এটা কিন্তু বড়ো কৃতিত্ব। যেখানে লক্ষ লক্ষ মানুষ আসেন, সেখানে জায়গা না থাকলে গুঁতোগুঁতি হয়ে যায়।’’

প্রথা মেনে ঘণ্টা বাজিয়ে বইমেলা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

এবছর মেলার মাঠের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বসছে সিসিটিভি। আলাদাভাবে বিশেষ পুলিশ কন্ট্রোল রুম খোলা হচ্ছে। বাংলাদেশের ৪৩টি প্রকাশনী সংস্থা মেলায় অংশগ্রহণ করছে। প্রায় ১০০০টি বইয়ের স্টল বসছে এবার। ৩১ জানুয়ারি, মঙ্গলবার থেকে বইমেলা খুলে যাচ্ছে সকলের জন্য। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। বেলা ১২টা থেকে রাত ৮টা অবধি খোলা থাকবে। বইমেলার সময় পরিষেবা বাড়াচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রোর সংখ্যা বইমেলার কয়েক দিনের জন্য বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, “বইমেলা আজ নিজস্ব ঠিকানা পেয়েছে। সেন্ট্রাল পার্কের এই মাঠটিকে আমরা বইমেলা প্রাঙ্গন নামকরণে ভূষিত করেছি। গতবছর বইমেলায় প্রায় ২৪ কোটি টাকার বই বিক্রি হয়েছিল এবং ২৩ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। এটা বিশ্বের রেকর্ড।”

এবছর লিটল ম্যাগাজিনের জন্য বিশেষ অর্থ ধার্য করা হয়েছে। পত্রিকা পিছু ৫৯০ টাকা করে নেওয়া হচ্ছে। টেবিল বণ্টনের জন্য আজ হবে লিটল ম্যাগাজিনের লটারি। বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে চমক। পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ড জানিয়েছে বিশেষভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের সুকুমার রায়ের বই বিতরণ করা হবে। আবোল তাবোলের ১০০ বছর উদযাপন উপলক্ষে এই বিশেষ ব্যবস্থা। তাছাড়া ‘আবোল তাবোল ১০০’ উদযাপিত হবে বইমেলার বিভিন্ন মঞ্চে। থাকছে লটারির আয়োজন। সেই লটারি জিতলে ১৫ হাজার টাকার বই উপহার হিসাবে পাওয়া যাবে। রোজই হবে এই লটারি।

এবছর বইমেলায় অংশগ্রহণ করছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, আর্জেন্টিনা, কিউবা, পানামা, মেক্সিকো, গুয়াতেমালা, বলিভিয়া, কোস্টারিকা, থাইল্যান্ড, ডোমিনিকান রিপাবলিকের মতো দেশ। পাওয়া যাবে সেইসব দেশের গুরুত্বপূর্ণ কিছু বই। এছাড়াও বইমেলায় অংশগ্রহণ করছে ভিনরাজ্যের প্রকাশনীও। যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, পাঞ্জাব। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবারের মতো আন্তর্জাতিক কলকাতা বইমেলায় থাকছে মোট নয়টি ফটক। তার মধ্যে একটি তৈরি হয়েছে স্পেনের তোলেদো গেটের আদলে। অন্য আরেকটি শতবর্ষ উপলক্ষে অগ্নিবীণা গেট।

Developed by DXDasia