
প্রতিবারের মতোই মাধ্যমিকে নজরকাড়া সাফল্য মালদহ জেলার
প্রতিবারের মতোই মাধ্যমিকে নজরকাড়া সাফল্য মালদহ জেলার। রাজ্যের মেধাতালিকায় স্থান দখল করেছে মালদহের সাত জন ছাত্রছাত্রী। তার মধ্যে জেলার প্রথম তথা রাজ্যের সপ্তম স্থান অধিকার করেছেন মালদহ জেলা স্কুলের ছাত্র সোহন তামাং। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৬। অন্যদিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম তথা রাজ্যের মেধা তালিকায় নবম স্থান পেয়েছে মালদহ বার্লো গার্লস স্কুলের ছাত্রী অঙ্কিতা মণ্ডল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৪। জেলার আরও দুই ছাত্র মোহাম্মদ তাহেনুজামান ও নাজনীন আজাদ ৬৮৫ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে। রাজ্যের মেধা তালিকায় রয়েছে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের আরও তিন ছাত্র আয়ান শেঠ, দেবাঞ্জন দে এবং সায়ন কর্মকার। ৬৮৩ নম্বর পেয়ে রাজ্য মেধা তালিকায় দশম স্থানে রয়েছে এই তিন কৃতি ছাত্র।
পরিবারের সঙ্গে সোহন
গতকাল মাধ্যমিকের ফল প্রকাশের পর কৃতিদের ঘরে ঘরে উচ্ছ্বাস দেখা গেছে, তা বলাই বাহুল্য। কিন্তু একটি অবাক করা বিষয় হল, সমস্ত কৃতি ছাত্রছাত্রী যেখানে সাধারণত ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অধ্যাপক হতে চান, সেখানে সোহন তামাং জানিয়েছেন, বড়ো হয়ে দেশরক্ষায় যুদ্ধবিমান চালাতে চান। কিশোর বয়সে দেখা এই স্বপ্নে আশ্চর্য হয়ে গেছেন পরিবার থেকে পাড়া-প্রতিবেশি। কিন্তু যুদ্ধ বিমানে ওঠার স্বপ্ন কেন? উত্তরে সোহন জানিয়েছেন, দেশের ১৩০ কোটি মানুষের নিরাপত্তা দায়িত্বের অংশীদার হতে চাই। তাই এই লক্ষ্য। সোহন তামাংকে কুর্নিশ জানাচ্ছে গোটা রাজ্য।
