ভারতের সেরা বিজ্ঞান পুরস্কারে ভূষিত ৬ জন বাঙালি

আবার বাংলার জয়জয়কার

বাংলা আবার ভারতসেরা। এবছর ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’ জয়ীদের মধ্যে ৬ জনই বাঙালি। আরেকজন জন্মসূত্রে অন্য রাজ্যের হলেও কর্ম এবং বিবাহের সূত্রে কলকাতার বাসিন্দা।

দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’ এবছর কারা লাভ করছেন, সেই তালিকা ঘোষণা করা হয় শনিবার। দিল্লির ‘বিজ্ঞান ভবন’-এ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর ৭৯তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে জানানো হয় ১৪ জন পুরস্কারজয়ীর নাম। গণিত, রসায়ন, জীববিজ্ঞান প্রভৃতি ৭টি ক্ষেত্রে অসামান্য গবেষণার জন্য ৪৫ বছরের কম বয়সী ভারতীয় বিজ্ঞানীদের এই সম্মাননার জন্য বেছে নেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ৫ লক্ষ টাকা। প্রত্যেক বিভাগে এবার দু’জন করে যৌথভাবে পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাঙালিদের মধ্যে গণিতে এই পুরস্কার লাভ করছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক রজতশুভ্র হাজরা। ভূবিজ্ঞানে পুরস্কারজয়ী দু’জনই বাঙালি। খড়গপুরের আইআইটির অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায় এবং আইআইটি বম্বের অধ্যাপক অধ্যাপক সূর্যেন্দু দত্ত। জীববিজ্ঞানে হায়দ্রাবাদের সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড ডায়াগনিস্টিকসের অধ্যাপক শুভদীপ চট্টোপাধ্যায়। পদার্থবিজ্ঞানে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরজিৎ ধাড়া এবং মুম্বইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের অধ্যাপক কিংশুক দাশগুপ্ত যৌথভাবে পুরস্কারে ভূষিত হচ্ছেন।

পুরস্কারজয়ী বাঙালিরা 

এই ৬ জনের মধ্যে কেবল দু’জনই এখন পশ্চিমবঙ্গে কর্মরত। বাকি ৪ জন কাজের সূত্রে থাকেন বাংলার বাইরে। রসায়নে পুরস্কারজয়ীদের একজন কলকাতার ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সেস (আইএসিএস)’-এর অধ্যাপক জ্যোতির্ময়ী দাশ। তিনি জন্মেছেন ওড়িশার জগৎসিংহপুরে। তবে কর্মসূত্রে এখন কলকাতায় থাকেন। বাঙালি পরিবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ তিনি। 
    
 

Developed by DXDasia