
উপাচার্য বলেছেন, কর্তৃপক্ষের তরফ থেকে কোনও আপত্তি নেই
করোনার দ্বিতীয় ধাক্কায় সারা দেশ সংকটে। গোদের ওপর বিষফোঁড়ার মতো দেখা দিয়েছে অক্সিজেনের আকাল। পরিস্থিতির মোকাবিলা করতে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটারি থেকে গ্যাস সিলিন্ডার চাইল বাম ছাত্র সংগঠন এসএফআই।
দেশজুড়ে অক্সিজেন যেমন অপ্রতুল, রিফিলের উপযোগী ফাঁকা সিলিন্ডারেরও তেমনি অভাব। বুধবার এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির তরফ থেকে একটি চিঠি দেওয়া হয় উপাচার্য সুরঞ্জন দাসকে। আবেদন জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটারিগুলিতে যেসব গ্যাস সিলিন্ডার আছে, যেগুলি চিকিৎসার কাজে ব্যবহার করা হোক।
বিশ্ববিদ্যালয়ে অক্সিজেনের থেকে বেশি রয়েছে নাইট্রোজেন গ্যাসের সিলিন্ডার। সেগুলি বিশেষ পদ্ধতিতে পরিষ্কার করে অক্সিজেন গ্যাস ভরা সম্ভব, জানিয়েছে এসএফআই। তারপর কোভিড রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হতে পারে সেই অক্সিজেন। উপাচার্য বলেছেন, কর্তৃপক্ষের তরফ থেকে কোনও আপত্তি নেই। সিলিন্ডার কীভাবে আইন মেনে দেওয়া যায়, কাদের দেওয়া যায় – এইসব খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ডিনদের নির্দেশ দিয়েছেন তিনি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গ্যাস সিলিন্ডার যদি করোনা চিকিৎসায় ব্যবহৃত হয়, তাহলে সারা দেশে নজির সৃষ্টি হবে।

