
এই দুই বাজারে নিত্যদিন প্রচুর লোক সমাগম হয়, টানেল বসানোয় খুশি এলাকার বাসিন্দারা
এর আগে বাজারে ঢুকতে হলে হাত ধুয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছিল সাধারণ মানুষদের জন্য। এখন বাজারে প্রবেশ করতে হবে স্যানিটাইজিং টানেলের মাধ্যমে। ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সচেতনতার জন্য স্যানিটাইজিং টানেলের ব্যবস্থা করা হল কলকাতার রামগড় এবং পাটুলি বাজারে। করোনা মোকাবিলায় নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এলাকার কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত জানিয়েছেন, রামগড় ও পাটুলি বাজারে হাত ধুয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছিল আগেই। কিন্তু দেখা যাচ্ছে, করোনা মোকাবিলায় তা যথেষ্ট নয়। শরীরকেও জীবাণুমুক্ত রাখতে হবে। তাই এই চ্যানেলের মাধ্যমে স্প্রে করে শরীর জীবাণুমুক্ত করা হচ্ছে। এলাকার দুই বাজারে নিত্যদিন প্রচুর লোক সমাগম হয়। টানেল বসানোয় খুশি এলাকার বাসিন্দারাও।
জানা গিয়েছে, এর আগে ভারতের জম্মু পুরসভা, শ্রীনগর পুরসভা-সহ মহারাষ্ট্রের ধারাভি, তামিলনাড়ু, কর্নাটক, তেলেঙ্গানা, কেরল, চণ্ডীগড়, হরিয়ানা, আমেদাবাদ এবং নয়ডায় এই টানেল বসানো হয়েছে। কলকাতায় বেসরকারি উদ্যোগে ব্যবসায়ীরা নিউ মার্কেটে এরকম একটি টানেল বসিয়েছেন। কিন্তু পুর প্রশাসনের উদ্যোগে এবং কাউন্সিলারের সক্রিয়তায় এমন টানেল কলকাতার বুকে এই প্রথম।
