
দেশের প্রথম দন্ত চিকিৎসার প্রতিষ্ঠান তিনি স্থাপন করেন
এবছর কলকাতার স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের শতবর্ষ। দেশের প্রথম দন্ত চিকিৎসার প্রতিষ্ঠান এটি। যাঁর ব্যক্তিগত উদ্যোগ এবং কঠোর পরিশ্রমে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, তাঁকে বলা হয় ভারতের আধুনিক দন্ত চিকিৎসার জনক – ডাঃ রফিউদ্দিন আহমেদ।
পূর্ববঙ্গের বর্ধনপাড়া গ্রামে জন্ম হয়েছিল তাঁর, ১৮৯০ সালে। স্থানীয় স্কুলে ছোটোবেলা পড়াশোনা করেন। তারপর চলে যান উত্তর ভারতের আলিগড় মহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজে। পাশ করেন আইএসসি। এই সময়ে তাঁর বাবা মারা গেলে প্রবল অর্থকষ্টে পড়তে হয়। কিন্তু রফিউদ্দিন থেমে থাকার মানুষ ছিলেন না। জাহাজ কোম্পানিতে চাকরি নিয়ে প্রথমে ইংল্যান্ড এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। নিজের রোজগারের টাকায় ভর্তি হন আইওয়া বিশ্ববিদ্যালয়ে। তাঁর অসাধারণ মেধা দৃষ্টি আকর্ষণ করেছিল শিক্ষকদের। ১৯১৫ সালে দন্ত চিকিৎসায় ডিগ্রি লাভ করেন। বস্টনের ফোরসিথ ডেন্টাল ইনফারমারি ফর চিলড্রেন নামের প্রতিষ্ঠানে শুরু করেন প্র্যাকটিস।
যদিও ডাঃ রফিউদ্দিনের মন পড়ে ছিল স্বদেশে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে ১৯১৯ সালে কলকাতায় চলে আসেন। আধুনিক পদ্ধতিতে মানুষের দাঁতের চিকিৎসা করতে থাকেন। ১৯২০ সালে নিউ ইয়র্ক সোডা ফাউন্ডেশনের সহায়তায় গড়ে তোলেন ক্যালকাটা ডেন্টাল কলেজ। অধ্যক্ষের পদ অলংকৃত করেন নিজেই। পরে সরকার এই কলেজের দায়িত্ব নেয়। ১৯২৫ সালে ইন্ডিয়ান ডেন্টাল জার্নাল তাঁর হাত ধরেই যাত্রা শুরু করে। ১৯২৮ সালে প্রকাশিত হয় তাঁর লেখা বিখ্যাত বই ‘হ্যান্ডবুক অব অপারেটিভ ডেন্টিস্ট্রি’। ভারতের ডেন্টাল কাউন্সিলের প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন ডাঃ রফিউদ্দিন।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কাছেই দাঁতের চিকিৎসা করাতেন। একে অপরকে চিঠি লিখতেন। সেখান থেকেই জানা যায়, কবিগুরুর জন্য নকল দাঁত বানিয়ে দিয়েছিলেন ডাঃ রফিউদ্দিন। রবি ঠাকুর সেই দাঁত নিয়ে স্বচ্ছন্দেই ছিলেন।
কলকাতা কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলার হয়েছিলেন ডাঃ আহমেদ। দেশ স্বাধীন হওয়ার পর বিধানচন্দ্র রায়ের মন্ত্রীসভায় কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশ থেকে প্রচুর সম্মাননা লাভ করেছেন। ভারত সরকার তাঁকে ‘পদ্মভূষণ’ উপাধি প্রদান করে ১৯৬৪ সালে।
১৯৬৫ সালে ডাঃ রফিউদ্দিন আহমেদের মৃত্যু হয়। পার্ক সার্কাসের কবরখানায় সমাহিত করা হয় তাঁকে। তাঁর সম্মানে ক্যালকাটা ডেন্টাল কলেজের নাম পাল্টে রাখায় হয় ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। ডাঃ আহমেদের জন্মদিন ২৪ ডিসেম্বরকে আমাদের দেশে জাতীয় দন্ত চিকিৎসা দিবস হিসেবে পালন করা হয়।
তথ্যঋণ – অভীক মণ্ডল, জয়দীপ দে।

