
ট্রেনের কামরায় দেখা যাবে পছন্দের অনুষ্ঠান
করোনা আবহে কয়েক মাস লোকাল ট্রেন চলাচল বন্ধ ছিল। ২০২১ এর ৯ নভেম্বর থেকে আবার চালু হয় রেল পরিষেবা। তারপর পর্যায়ক্রমে বেড়েছে লোকাল ট্রেনের সংখ্যা। লক্ষ লক্ষ যাত্রী প্রতিদিন যাতায়াত করেন। দীর্ঘ সময় ট্রেনে থেকে ক্লান্ত হয়ে যান অনেকেই।
লোকাল ট্রেনের সেইসব যাত্রীদের জন্য সুখবর দিল রেল কর্তৃপক্ষ। বেশ কয়েক বছর আগে রাজ্য সরকারের উদ্যোগে ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসংগীত বাজানো শুরু হয়েছিল। এখন লোকাল ট্রেনে মিউজিক সিস্টেমের সাহায্যে গান বাজাচ্ছে পূর্ব রেল। জরুরি ঘোষণার মাঝে রবীন্দ্রসংগীতের সুর শোনা যাচ্ছে। শিয়ালদহ ডিভিশনের ৪৮টি এবং হাওড়া ডিভিশনের ৪২টি রেকে মিলছে এই সুবিধে। দুই ডিভিশনের সব লোকাল ট্রেনে ধাপে ধাপে রবীন্দ্রসংগীতের সুর শোনা যায় ।
যাত্রীদের একঘেয়েমি দূর করতেই এমন পদক্ষেপ। তবে এখানেই থেমে নেই রেল কর্তৃপক্ষ। ওয়াইফাই ব্যবহার করে যাত্রীদের মোবাইলে যাতে বিনোদন পৌঁছে দেওয়া যায়, তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। স্মার্টফোনে নির্দিষ্ট অ্যাপ নামিয়ে ট্রেনের কামরায় আপনি দেখতে পাবেন পছন্দের অনুষ্ঠান।
এই পরিষেবার মাধ্যমে বিজ্ঞাপন খাতে আয় করতে পারবে রেল। তার জন্য ইতিমধ্যেই একটি সর্বভারতীয় সংস্থার সঙ্গে রেল কর্তৃপক্ষের চুক্তি হয়েছে। তারাই যাত্রীদের স্মার্টফোনে ‘কন্টেন্ট অন ডিমান্ড’ ব্যবস্থা চালু করতে চলেছে। কেবল পূর্ব রেল নয়, সারা দেশের লোকাল ট্রেনেই মিলবে এই সুবিধা। তবে পরিষেবা আরম্ভ হতে বেশ কিছু সময় লাগতে পারে বলে মনে করছেন রেলকর্তারা।
রেলের এই পরিকল্পনায় লোকাল ট্রেনের যাত্রীরা খুশি। প্রতিদিন মধ্যমগ্রাম থেকে লোকাল ট্রেন ধরে শিয়ালদহ যান আশিস সামন্ত। তিনি বলেন, “রবীন্দ্রসংগীত সুর বাজলে ট্রেনের কামরায় বাঙালিয়ানার আবহ সৃষ্টি হয়। স্মার্টফোনে বিনোদন পরিষেবা চালু হলে ক্লান্তি অনেকটাই দূর হবে। চোখ-কান এবং মনেরও আরাম হবে।”
