‘হে বন্ধু, আছ তো ভালো?’— মারণ জীবাণুর আকৃতিতে ধরা পড়ল স্বপ্নের ছবি

পোস্টার অফ দ্য ডে — পার্থ মুখার্জী

স্বপ্ন সংক্রামিত হোক— এমনই বার্তা দিতে চান শিল্পী পার্থ মুখার্জী। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে পার্থ মুখার্জীর এই দুর্দান্ত কাজটি। কলকাতার শিল্পী পার্থ পড়শোনা করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে। বর্তমানে আইটি সেক্টরে কর্মরত। কিন্তু চিত্রশিল্পের প্রতি তাঁর ভালোবাসা মুছে যায়নি। তাই এখনও সময় সুযোগ এলে দেহচিত্র করে থাকেন। পার্থ পছন্দ করেন তথাকথিত প্রথার বাইরে কাজ করতে। তাঁর তৈরি এই পোস্টারটিতে দেখা যাচ্ছে, দেশের দিকে চেয়ে আছেন একটি মেয়ে— করুণ নয়নে, যাঁর এই মুহূর্তে সামান্যতম প্রয়োজন ভাত, জল আর মা। আমাদের রাষ্ট্রব্যবস্থা তাঁকে এই তিনটি জিনিসই দিতে ব্যর্থ। ছড়িয়ে ছিটিয়ে আছে পুতুল পুতুল খেলা— চেনা অচেনার বালিকাজীবন। মেয়েটি যেন দেশমাতৃকা স্বরূপ— তাঁর এলোমেলো চুল, মুখে লেগে থাকা মৃদু হাসি চিনিয়ে দিচ্ছে মেয়েটির অবস্থান এবং দেশের অবস্থানের মধ্যে দূরত্ব কতখানি। পোস্টারে শিল্পী উল্লেখ করেছেন স্বপ্ন দেখা ছাড়লে চলবে না, বরং স্বপ্নগুলো সংক্রামিত হোক।

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন পার্থ মুখার্জী। শিল্পীকে অভিনন্দন।
 

Developed by DXDasia