
মোঘল থেকে ইংরেজ – সবাই বুঝত এই ফর্মুলা
৩৩১ খ্রীষ্টপূর্বাব্দ। গ্রীক বীর আলেকজান্ডার বিশ্বজয়ে বেরিয়েছেন। ছোট-বড় সব সাম্রাজ্যের শাসকরাই তাঁর এক ফুঁ-য়ে উড়ে যাচ্ছে তখন। আলেকজান্ডারের নাম শুনলেই সাদা পতাকা উড়িয়ে তখন সবার 'মাফ করবেন, নিয়ে যান সাম্রাজ্য' – এইরকম ভাব আরকি। কিন্তু এরই মাঝে একটা দুর্দান্ত স্ট্র্যাটেজি নিলেন পারস্যের সম্রাট দরায়ুস। তাঁর যা সৈন্যসামন্ত তাতে তিনি আলেকজান্ডারের কাছে মোটেও পাত্তা পাবেন না, সেটা তিনি জানতেন। তবু তাঁকে একটু জব্দ করার জন্যই তিনি এক নতুন ফর্মুলা বের করলেন। এবং সেটা অবশ্যই যুদ্ধের অস্ত্রের। ওপাশে সবাই যখন ঢাল-তরোয়াল নিয়ে তেড়ে আসছে তখন তিনি আলেকজান্ডারের সৈন্যের সামনে রেখে দিলেন এক বস্তা তিল। বো়ঝ কাণ্ড! সৈন্যরা তো ঘেঁটে ঘ। কিন্তু আলেকজান্ডার তো আর এমনি এমনি আলেকজান্ডার নন। তিনিও তার জবাবটা তাঁর স্টাইলেই দিলেন। তিনি পারস্য সম্রাট দরায়ুসের এই ঠাট্টা যুদ্ধনীতির প্রত্যুত্তরে তাঁকেও এক বস্তা সরষে পাঠালেন। এবং বুঝিয়ে দিলেন, 'তিলের মতো তার সৈন্য সংখ্যাও অগুন্তি তো বটেই, সঙ্গে সরষের মতো তাদের মেজাজও আগুনে।'
তাই খাবার যে যুদ্ধজয়ের একটা বেশ গুরুত্বপূর্ণ অস্ত্র সেটা ইতিহাস থেকেই সুস্পষ্ট। সেসময় ভারত ছিল 'মশলার কৌটো'। গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, সরষে থেকে শুরু করে আরো কত কী এই কৌটোয় ছিল, তার ইয়ত্তা নেই। লোকে যখন এদেশে ওদেশে ধন-দৌলত কুড়োচ্ছে তখন এরই মাঝে ওলোন্দাজ আর পর্তুগিজদের নজর পড়ল ভারতের ওপর। তারপর এসে জুটল ফরাসি-ব্রিটিশরাও। তারপরই খাদ্যজয় আর শেষটায় রাজ্যজয়। বাকিটা ইতিহাস।
আরও পড়ুন
হেমলকের প্রভাবে তখন ঢলে পড়ছেন সক্রেটিস
এবার মোঘলদের দেখে নেওয়া যাক। তাদের রাজ্যে জয়ের প্রণালীটা আবার অন্য ধাঁচের। তীরের খোঁচা যেমন শরীরে লাগে, তেমনি অন্যের গুণের খোঁচা ইগোতে লাগে। মোঘলদেরও ঠিক তাই। যখন ভারতে এল তারা, তখন দেখল, ভারতে সবাই খিচুড়ি রাঁধছে। তারা ভাবল – শক্তিতে তো না হয় আমরা ওদের জয় করলাম, কিন্তু রেসিপিতে তো এরা আমাদের টেক্কা দিয়ে দেবে। …না, শুধু রাজ্যজয় নয়, খাদ্যজয়েও বাড়বে সাম্রাজ্য। আর হলও তাই। চাল-ডাল-সবজিকে একসঙ্গে সেদ্ধ করে নির্ঝঞ্ঝাট সাধারণ খাবার ছিল ভারতীয়দের খিচুড়ি। স্বাদে-গুণে দুটোতেই অসামান্য। তাই খিচুড়িকে টেক্কা দিতে মোঘলরাও ওই একই ফর্মুলাতে বানাল তাদের নতুন রেসিপি। হাঁড়িতে চাল, মাংস, নানারকমের মশলাপাতি মিশিয়ে তৈরি করল এক আজব খাবার। এ আবার স্বাদে-গন্ধে খিচুড়িকেও ছাপিয়ে যায়। কাজ হল। ভারতীয়দের পদ পরিবর্তন ঘটল। আমাদের রান্নাঘরে ঢুকল এক নতুন পদ। নাম? বিরিয়ানি…
