
আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই পরিষেবা
এ রাজ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত যান বাস, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। তাই বাসকে রাজ্য সরকার বিভিন্ন সময় সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছেন। এবার দূরপাল্লার বাসযাত্রীদের জন্য সুখবর। রাজ্য সরকারের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে বিনামূল্যে দেওয়া হবে জল, থাকবে নানান স্বাদের খাবার, ইচ্ছা হলে যাত্রীরা পড়তে পারবেন খবরের কাগজ।
বিনামূল্যে ৫০০ মিলিলিটারের জলের বোতল দেওয়া হবে যাত্রীদের। তার বেশি জল চাইলে বাসেই কিনতে পারবেন যাত্রীরা। তার জন্য কাউন্টার থাকবে। বাসের মধ্যে বিস্কুট, স্ন্যাকস জাতীয় খাবার থাকবে। থাকবে একটি ছোটো খবরের কাগজ পড়ার জায়গা। যেখানে বাংলা, হিন্দি ও ইংরেজি, তিন ভাষার খবরের কাগজই রাখা থাকবে। কেউ চাইলে সেখানে বসে পড়তে পারবেন।
বাসে চড়ে দূরপথের যাত্রা আরও আরামদায়ক করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হচ্ছে এসপ্ল্যানেড-সিউড়ি রুটের এসি ভলভোতে। আজ বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে পরিষেবা। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)-এর পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এসপ্ল্যানেড-সিউড়ি রুটেই এই পরিষেবা শুরু হচ্ছে। যাত্রীদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে বাকি রুটের যাত্রা। এমন পরিষেবায় যাত্রীরা যে খুশিই হবেন, তা বলা বাহুল্য।
