জ্বালানির খরচ বাঁচাতে ডুয়েল ফুয়েলে বাস চালানোর পরিকল্পনা SBSTC-র

কিছুটা ডিজেল আর কিছুটা সিএনজি – দুইয়ের মিশ্রণে চলবে বাস

জ্বালানির খরচ বাড়ছে দিনদিন। তাই এবার ‘ডুয়েল ফুয়েল’-এ বাস চালানোর ভাবনা গ্রহণ করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (SBSTC)। কিছুটা ডিজেল আর কিছুটা সিএনজি – দুইয়ের মিশ্রণে চলবে বাস। খরচ যেমন কমবে, তেমনই কমবে পরিবেশ দূষণও। পরিবহণ দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে, সাধারণ ডিজেল চালিত বাসের ইঞ্জিনকে ডুয়েল ফুয়েলে বদলাতে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হবে। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে।

পরিবহণ দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, বাসের মধ্যে একটা ডুয়েল ফুয়েল কিট লাগানো হবে। সঙ্গে থাকবে সিএনজি ট্যাংক। ট্যাংক থেকে পাইপলাইন দিয়ে গ্যাস ওই ডুয়েল ফুয়েল কিটে যাবে। সেখানে আসবে ডিজেলও। সংমিশ্রণ হয়ে তা ইঞ্জিনে পৌঁছাবে। ৬০ শতাংশ ডিজেল এবং ৪০ শতাংশ সিএনজি। SBSTC-র পক্ষ থেকে ডব্লুবি ৩৯এ/৭০১৩ নম্বর বাসটিকে নয়া পদ্ধতিতে চালানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।

এছাড়াও কসবা ডিপোতেও কাজ চলছে। জ্বালানির দাম দিনদিন যত বাড়ছে, তাতে এটাই বিকল্প। বিকল্প উপায়ে বাস চালানোর পরিকল্পনা যদি সফল হয়, তবে কেন্দ্রীয় সরকারের টেস্টিং এজেন্সির ছাড়পত্রের জন্য পাঠানো হবে। বাসের মতো বহুল ব্যবহৃত যানবাহন হয়ে উঠতে পারে পরিবেশবান্ধব। SBSTC ইতিমধ্যেই প্রায় ৬০টি সিএনজি চালিত বাস আসানসোল-দুর্গাপুর রুটে চালাচ্ছে।

Developed by DXDasia