
তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
২১৩ আসন নিয়ে তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের থ্রোনরুমে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান হল তুলনামূলকভাবে অনাড়ম্বর ও সংক্ষিপ্ত। মাত্র ২০ মিনিটের এই অনুষ্ঠানে আজ একাই শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ অনুষ্ঠানের অতিথি হিসেবে ছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, দীপক অধিকারী (দেব), শতাব্দী রায়, অরূপ বিশ্বাস। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদীপ চৌধুরী।
বিরোধী নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানানো হলেও এদিন অনুপস্থিত ছিলেন অনেকেই। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীদের রাজনৈতিক সৌজন্য মেনেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। কিন্তু কেউই আসেননি।
এছাড়াও, আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিল বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। তাঁকেও অনুপস্থিত থাকতে দেখা গেছে।
এবারের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল খানিক জাঁকজমকহীন। কারণ মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, এই মুহূর্তে তাঁর প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে কোভিড পরিস্থিতি সামলানো। আজ শপথের পরেই তিনি নবান্নের উদ্ধেশ্যে রওনা হন। আগামীদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কী কী প্রকল্প পশ্চিমবঙ্গবাসীদের উপহার দেন, তা দেখার আশায় পশ্চিমবঙ্গবাসী। এদিন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরেই শান্তির বার্তা দিলেন। বললেন, "বাংলার শান্তি বজায় রাখুন। অশান্তি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।"
বঙ্গদর্শনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি।
