
নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়
প্রায় পূর্ণ লকডাউনের পথে এবার রাজ্য সরকার। আগামী রোববার থেকে ৩০ মে পর্যন্ত, ১৫ দিনের জন্য কড়া লকডাউনের পথে হাঁটল প্রশাসন। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি ছাড়া, সমস্ত সরকারি, বেসরকারি দফতর বন্ধ রাখার কথা ঘোষণা করল নবান্ন। লোকাল ট্রেন আগেই বন্ধ করা হয়েছিল। এবার বাস, মেট্রো এবং ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। জরুরি প্রয়োজন ছাড়া ট্যাক্সি এবং অটোও চলাচল করবে না। আগের মতোই বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।
নবান্নে সাংবাদিক বৈঠক করে প্রায় লকডাউনের কথা ঘোষণা করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পরোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। সকলকেই নিয়ম মেনে চলতে হবে। নইলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
স্বাস্থ্য, আদালত, বিদ্যুৎ, পানীয় জল, সংবাদমাধ্যম, সাফাই, পেট্রোল পাম্প, গাড়ির যন্ত্রাংশের মতো জরুরি পরিষেবা প্রদানকারী পরিষেবাই একমাত্র চালু থাকবে। এ ছাড়া বাকি সমস্ত সরকারি এবং বেসরকারি দফতর বন্ধ থাকবে। বন্ধ থাকবে শপিং মল, স্পা, সিনেমা হল, জিম, সুইমিং পুল। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে শুধুমাত্র মিষ্টির দোকান।
এছাড়াও—
১. সৎকারে ২০ জনের বেশি জমায়েত করা যাবে না।
২. বিয়েবাড়িতে জমায়েত করতে পারবেন না ৫০ জনের বেশি।
৩.ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত। তবে চব্বিশ ঘণ্টা খোলা থাকবে এটিএম।
৪. মুদিখানা এবং বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত।
৫. হোটেল, রেস্তোরাঁ আগের মতোই বন্ধ থাকবে। খাবার এবং পণ্য বাড়িতে সরবরাহ করা যাবে।
৬. সমস্ত ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশ বন্ধ থাকবে।
৭. ৫০ শতাংশ কর্মী নিয়ে খুলে রাখা যাবে চা বাগান। সম্পূর্ণ বন্ধ থাকবে শিল্প-কারখানা।

