প্রণব মুখোপাধ্যায়ের জঙ্গিপুরের বাড়িতে লাইব্রেরি-মিউজিয়াম করার পরিকল্পনা

একথা নিজেই জানিয়েছেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে একটি বাড়ি তৈরি করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কিন্তু সেই বাড়িতে তাঁর থাকা হয়নি। কারণ আরও একটি বড়ো বাড়ি অর্থাৎ রাষ্ট্রপতি ভবনে তাঁকে থাকতে হত। কিন্তু নিজের বীরভূমের বাড়ি বা জঙ্গিপুরের বাড়ি নিয়ে তাঁর ছিল অসীম টান। সদ্য প্রয়াত হয়েছেন প্রণববাবু। তাঁর স্মৃতিতে জঙ্গিপুরের বাড়িতে লাইব্রেরি-মিউজিয়াম করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। নিজের উদ্যোগেই এই কাজটি করবেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যমে অভিজিৎবাবু জানান, আগামী প্রজন্ম যাতে প্রবাদপ্রতিম রাজনীতিকের জীবন সম্পর্কে জানতে পারে, তার জন্যই এই প্রচেষ্টা। এই বাড়িটি তাঁর লোকসভা কেন্দ্র জঙ্গিপুরে তৈরি করেছিলেন প্রণববাবু নিজেই। একইসঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের নামে ডাকটিকিট প্রকাশের আবেদন জানিয়েছেন অভিজিৎ। বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার যদি এতে রাজি হয়, তাহলে আমি খুব খুশি হব।’ বাবার ব্যক্তিগত জিনিসপত্র, বিশাল সংখ্যক বই, উপহারসামগ্রী সবকিছুই মিউজিয়ামে রাখা হবে।

গতমাসে বাবাকে একটি কাঁঠাল নিয়ে গিয়ে খাওয়ান অভিজিৎ। জঙ্গিপুরের খামারের কাঁঠাল। তাতে বেজায় খুশি হন প্রণববাবু। অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, বাবার কাছ থেকে তিনি শিখেছিলেন, রাজনীতিতে বা জীবনের অন্য ক্ষেত্রে কখনও প্রতিশোধ পরায়ণ হতে নেই।

 

Developed by DXDasia