
মৃত্যুর মুখ থেকে ফিরলেন কালীঘাটের তরুণী
১২ দিন ধরে একমো সাপোর্টে থেকে জীবন ফিরে পেলেন করোনা আক্রান্ত তরুণী। সারা ভারতে এমন নজির প্রথম বলেই দাবি করছেন চিকিৎসকরা।
১৭ মে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছিল কালীঘাটের ওই তরুণীকে। প্রবল জ্বর ও তীব্র শ্বাসকষ্টের উপসর্গ দেখা গিয়েছিল। শরীরে অক্সিজেন স্যাচুরেশন লেভেল ছিল মাত্র ৩৪ শতাংশ। করোনা পরীক্ষা করালে রিপোর্ট আসে পজিটিভ। বছর ২৪ বয়সের সেই তরুণীকে প্রথম থেকে ভেন্টিলেটরে রাখা হলেও দ্রুত অবস্থার অবনতি ঘটতে থাকে।
ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা তখন একটা চ্যালেঞ্জ নেন। ১৮ মে রোগীকে এক্সট্রা-কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন বা একমো সাপোর্ট দেওয়া হয়। ১২ দিন মৃত্যর সঙ্গে লড়াই চালিয়ে যান তরুণী। অবশেষে তাঁর শারীরিক অবস্থার উন্নতি লক্ষ্য করেন চিকিৎসকরা। ২৯ মে একমো সাপোর্ট থেকে বের করে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। ৫ জুন সাধারণ বেডে স্থানান্তর করা হয় তরুণীকে। সোমবার দুপুরে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এর আগে দিল্লি এবং চেন্নাইয়ের দু’জন করোনা রোগীকে একমো সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু তাঁরা কেউই শেষ পর্যন্ত বাঁচেননি। ঢাকুরিয়ার আমরি হাসপাতালের চিকিৎসকরা অসাধ্যসাধন করে দেখালেন।
