এক্সক্লুসিভ করিডরের মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেবে কলকাতা পুলিশ

অক্সিজেনের কালোবাজারি রুখতে কলকাতা পুলিশ ডিসিপি ট্রাফিকের এই সিদ্ধান্ত

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। দিনদিন বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এমনাবস্থায় অক্সিজেনের হাহাকার সর্বত্র। এই সুযোগে অনেক ধনী ব্যবসায়ীরা অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছেন চড়া দামে। ইচ্ছেমতো দাম হাঁকছেন। একে কালোবাজারিই বলে। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

এদিন ট্যুইটারের মাধ্যমে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কালোবাজারি রুখতে এবং দ্রুত অক্সিজেন পৌঁছে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। দুটি টেলিফোন নম্বরও দেওয়া হয়েছে। যেখানে ফোন করলেই সেই ব্যক্তির কাছে ফোর্স পৌঁছে যাবে। এরপর অক্সিজেন সিলিন্ডার এক্সক্লুসিভ গ্রিন করিডর করে পৌঁছে দেওয়া হবে হাসপাতাল বা বাড়িতে।

(নম্বর দুটি হলঃ ০৩৩২২৫০৫০৯৬, ০৩৩২২১৪৩৬৪৪)

বিপুল চাহিদার কথা মাথায় রেখে বর্তমানে অক্সিজেনের কালোবাজারি হতে পারে বলে আশঙ্কা করছে লালবাজার। তাই কড়া পদক্ষেপের লক্ষ্যে কলকাতা পুলিশের ইনটেলিজেন্স ব্রাঞ্চের পক্ষ থেকে তৈরি হয়েছে একটি বিশেষ টিম। যে টিমে রয়েছেন ৮ জন ইবির গোয়েন্দা আধিকারিক ও পুলিশকর্মী। অক্সিজেন সিলিন্ডার কালোবাজারির চেষ্টা কেউ করলে তাকে গ্রেফতারও করা হবে বলে জানিয়েছেন ইনটেলিজেন্স ব্রাঞ্চের আধিকারিকরা।

করোনাকালে ভিটামিন-সি সহ কোভিডের বিশেষ ওষুধ, স্যানিটাইজার, মাস্ক, ফেস শিল্ডের চাহিদা রয়েছে। সেগুলোর যাতে কালোবাজারি না হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে।
 

Developed by DXDasia