এমনকি মহিলাদের বিরুদ্ধে নানান অপমানজনক ঘটনাতেও সবচেয়ে নিরাপদ বাংলার রাজধানী
আবারও দেশের মধ্যে প্রথমসারিতে নাম উঠল তিলোত্তমার। অপরাধের নিরিখে দেশের ১৯টি মেট্রো শহরগুলির মধ্যে ‘নিরাপদতম’ বাংলার রাজধানী কলকাতা। এই রিপোর্ট প্রকাশিত হয়েছে জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-তে। সেখানে বলা হয়েছে অপরাধ-সহ মহিলাদের বিরুদ্ধে নানান অপমানজনক ঘটনায় সবচেয়ে নিরাপদ কলকাতা।
জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) গত এক বছরের অপরাধের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। ‘ক্রাইম ইন ইন্ডিয়া, ২০২০’ শীর্ষক সেই ভল্যুউমে দেখা যাচ্ছে, ২০২০ সালে প্রত্যেক লক্ষ জনসংখ্যায় কলকাতায় মোট অপরাধের হার ১২৯.৫। যেখানে চেন্নাইয়ে অপরাধের হার সবচেয়ে বেশি ১৯৩৭.১। দিল্লিতে ১৬০৮.৬, আমদাবাদে ১৩০০, বেঙ্গালুরুতে ৪০১.৯ এবং মুম্বইয়ে ৩১৮.৬।
গত দু’বছরের তুলনায় সামগ্রিক ভাবে নথিভুক্ত অপরাধের সংখ্যাও কমেছে কলকাতায়। ২০১৮ সালে কলকাতায় অপরাধের সংখ্যা ছিল ১৯,৬৮২। ২০১৯-এ সেই সংখ্যা কমে হয়েছিল ১৭,৩২৪। তার পর ২০২০ সালে শহরে মোট অপরাধের সংখ্যা আরও কমে হয়েছে ১৫,৫১৭। যেখানে মুম্বইয়ে গত এক বছরে অপরাধের সংখ্যা ৫০,১৫৮, দিল্লিতে ২,৪৫,৮৪৪ (যা রেকর্ড ছাড়িয়েছে)। চেন্নাইয়ে নথিভুক্ত অপরাধের সংখ্যা ৮৮,৩৮৮। গুজরাতের আমদাবাদে নথিভুক্ত অপরাধের সংখ্যা ৬১,৩৯৫।
পরিসংখ্যান বলছে, মেয়েদের বিরুদ্ধে হওয়া নারীঘটিত অপরাধের সংখ্যাতেও দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর থেকে অন্যতম নিরাপদ কলকাতা শহর। গত এক বছরে কলকাতায় মেয়েদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২,০০১। দেশের রাজধানী দিল্লিতে ৯,৭৮২। প্রসঙ্গত, দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার ভার কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে। ধর্ষণ এবং পণ না দেওয়ায় মৃত্যুর ঘটনাতেও দিল্লি, বেঙ্গালুরু এবং মুম্বইয়ের থেকে পিছিয়ে রয়েছে কলকাতা।
এই নিয়ে পরপর দুইবছর নিরাপদতম শহরের শীর্ষে থাকল কলকাতা। পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পুলিশ-সহ এই রিপোর্টে খুশি আপামর কলকাতাবাসী।